রঞ্জিতে ত্রিপুরার বিরুদ্ধে বড় রান তোলার লক্ষ্য বাংলার, শতরানে চোখ সুদীপ ও গান্ধীর, রাহুলের অভিষেক
রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে বড় রানের লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলা। যদিও আলোর অভাবে এদিন নির্ধারিত সময়ের অনেক আগেই খেলা বন্ধ হয়ে যায়।
আগরতলায় মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে খেলা শুরু হচ্ছে সকাল পৌনে ৯টা থেকে। তবু প্রথম দিন ৬০ ওভারের বেশি খেলা হয়নি। ফলে প্রথম দুটি ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করা বাংলা জয়ের হ্যাটট্রিক সারতে পারবে কিনা সেটাই প্রশ্ন।

টস জিতে মণিশংকর মুরাসিংয়ের নেতৃত্বাধীন ত্রিপুরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিপুরা চলতি রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচের দুটিতেই হেরেছে। পয়েন্ট তালিকার একেবারে নীচেও রয়েছে তারা। ফলে ত্রিপুরার বিরুদ্ধে অন্তত সাত পয়েন্ট নেওয়ারই চেষ্টা করবে বাংলা। যদি না প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায়।
ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই বাংলার ওপেনিং জুটি ভাঙেন অভিজিৎ সরকার। ভারতীয় এ দলের সঙ্গে যোগ দেওয়া অভিমন্যু ঈশ্বরণ এই ম্যাচে খেলছেন না। বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক পোড়েল। ওপেনার কাজী জুনেইদ সইফি ৪ বলে কোনও রান না করে কট বিহাইন্ড হন। এরপর অবিচ্ছেদ্য দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৭ রান যোগ করেছেন সুদীপ কুমার ঘরামি ও শাকির হাবিব গান্ধী।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ১ উইকেটে ১৭১। তবে বাংলার রান তোলার গতি বেশ মন্থর, রান রেট মাত্র ২.৮৫। নিশ্চিতভাবেই তা কাল বাড়ানোর চেষ্টা করে বড় স্কোর খাড়া করার চেষ্টা করবেন বাংলার ব্যাটাররা। ঘরামি ৯টি চারের সাহায্যে ১৬৯ বলে ৭০ রানে অপরাজিত আছেন। গান্ধী ১৮৭ বল খেলে ৮২ রানে অপরাজিত আছেন, তিনি মেরেছেন ১১টি চার।
আকাশ দীপ না থাকায় এই ম্যাচে একাদশে এসেছেন মহম্মদ কাইফ। ফলে মহম্মদ শামি ও তাঁর ভাই একসঙ্গে এই ম্যাচে বাংলার প্রতিনিধিত্ব করছেন। অভিষেক হয়েছে স্পিনার রাহুল প্রসাদের। তাঁর হাতে বাংলা দলের টুপি ম্যাচ শুরুর আগে তুলে দেন শামি। ত্রিপুরা দলে রয়েছেন হনুমা বিহারী, বিজয় শঙ্করের মতো ভারতীয় দলে খেলা ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications