Ranji Trophy: বঙ্গ শিবিরে মনোজ আবেগ, বিহারকে হারিয়ে জয় দিয়েই রঞ্জি অভিযান শেষ করল বাংলা
জয় দিয়েই এবারের মতো রঞ্জি অভিযান শেষ করল বাংলা দল। ঘরের মাঠে বিহারকে হেলায় হারাল বঙ্গ ব্রিগেড। রবিবার মুকেশ কুমারের আগুনে বোলিংয়ের দাপটে তৃতীয় দিনের শুরুতেই ম্যাচ জিতে নিল বাংলা দল। সেইসঙ্গে বঙ্গ ক্রিকেটে মনোজ অধ্যায়েরও পরিসমাপ্তি হল।
সরকারিভাবে আগেই জানিয়ে দিয়েছিলেন চলতি মরশুম শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন। বিহার ম্যাচই ছিল মনোজের শেষ রঞ্জি ম্যাচ। জয় দিয়েই ক্রিকেটকে বিদায় জানালেন বঙ্গ অধিনায়ক। বিহারের দ্বিতীয় ইনিংস শেষ হল ১১২ রানে। ইনিংস এবং ২০৪ রানে ম্যাচ জিতে রঞ্জি অভিযান শেষ করল লক্ষ্মীরতন শুক্লার দল।

প্রথম ইনিং।সের মতোই দ্বিতীয় ইনিংসেও সুপার ফ্লপ বিহারের ব্যাটিং। দলের পক্ষে সর্বোচ্চ রান করলেন এস গনি। তাঁর ব্যাট থেকে এল ২৮ রান। বিপিন সৌরভ ২২ এবং পরমজিৎ সিং ২৩ রান করেন। বাকি ব্যাটসম্যানরা শুধু এলেন আর ফিরে গেলেন। মুকেশ কুমার নিলেন ছয় উইকেট। বাকি চারটি উইকেট নিলেন সূরজ সিন্ধু অগরওয়াল।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১১ রান তুলে ডিক্লেয়ার করে বাংলা। দ্বিশতরান করেন অভিমন্যু ঈশ্বরণ। পাঁচে ব্যাট করতে নেমে মনোজ ৭০ বল খেলে ৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। এরপর প্রথম ইনিংসে বাংলা বিহারকে ৯৫ রানে অল আউট করে দেয়।গতবার রঞ্জি ট্রফি রানার্স হয়েছিল বাংলা দল। এবার নক আউটে যেতেই ব্যর্থ হল বাংলা।
ম্যাচ জয়ের পর একটি আবেগঘন মূহূর্ত তৈরি হল। সতীর্থদের কাঁধে চড়েই মাঠ ছাড়লেন বঙ্গ অধিনায়ক। দলের পক্ষ থেকে উপহার তুলে দিলেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। মনোজ ক্রিকেটকে আলবিদা জানালেন রঞ্জি জয়ের স্বপ্ন অধরা রেখেই।মনোজ ১৪৮টি প্রথম শ্রেণির ম্য়াচে থামলেন ১০১৯৫ রান করে। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০৩। ৩০টি শতরান ও ৪৫টি অর্ধশতরান রয়েছে।
রবিবার বিকালে মনোজ তিওয়ারিকে সংবর্ধনা জানাবে সিএবি। উপস্থিত থাকবেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ শীর্ষকর্তারা। বঙ্গ ক্রিকেটে একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল।












Click it and Unblock the Notifications