Ranji Trophy: মহারাষ্ট্রের রঞ্জি অভিযানে বড় ধাক্কা, গুরুতর অপরাধে এক ম্যাচে নির্বাসিত অঙ্কিত
Ranji Trophy: মহারাষ্ট্রের রঞ্জি অভিযান জোর ধাক্কা খেল। এক ম্যাচে নির্বাসিত হলেন অঙ্কিত বাওনে। রঞ্জির পঞ্চম রাউন্ডের ম্যাচেই বিতর্কে জড়ান তিনি।
সেই ম্যাচে অঙ্কিত মহারাষ্ট্রকে নেতৃত্বও দিচ্ছিলেন। আজ নাসিকে বরোদার মুখোমুখি হয়েছে মহারাষ্ট্র। সেই ম্যাচের আগেই জানিয়ে দেওয়া হলো অঙ্কিতের নির্বাসনের কথা।

সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে অঙ্কিতকে আম্পায়ার আউট দেওয়ার পরও তিনি সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। মাঠ ছাড়ছিলেন না। বাঁহাতি স্পিনার অমিত শুক্লার বলে বাওনের ক্যাচ শুভম রোহিল্লার হাতে জমা পড়ার আগে তা মাটি স্পর্শ করেছিল। তবু আম্পায়ার আউট দেন।
বাওনে রিভিউ নিতে পারেননি টেলিভিশনে সম্প্রচার হচ্ছিল না বলে। লাইভস্ট্রিম হচ্ছিল। কিন্তু ওই ম্যাচে ডিআরএসের পরিকাঠামো ছিল না। এই পরিস্থিতিতে অঙ্কিত মাঠ ছাড়তে নারাজ থাকায় মিনিট ১৫ কোনও খেলা হয়নি। ম্যাচ রেফারি অমিত শর্মা ও মহারাষ্ট্রের কোচ সুলক্ষণ কুলকার্নির হস্তক্ষেপে খেলা শুরু হয়।
এরপরই কুলকার্নি প্রকাশ্যে সরব হন নিম্নমানের আম্পায়ারিং নিয়ে। তিনি বলেন, ক্রিকেটারদের জরিমানা হয়, সতর্ক করা হয়। কিন্তু আম্পায়ারদের সঠিক মূল্যায়নও হওয়া উচিত। যে আম্পায়ার বারবার ভুল করেন তাঁকেই কেন ম্যাচ পরিচালনার ভার দিয়ে ম্যাচ নষ্ট করা হচ্ছে? এমন ভুল হলে রাগ হওয়াটা অস্বাভাবিক নয়।
এই ম্যাচে খেলেননি ঋতুরাজ গায়কোয়াড়। তিনি তখন অস্ট্রেলিয়ায় ছিলেন ভারতীয় এ দলের হয়ে খেলতে। গায়কোয়াড়ও অঙ্কিতের আউটের রিপ্লে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে, অঙ্কিত আউট ছিলেন না।
চলতি রঞ্জি ট্রফিতে বাওনে মহারাষ্ট্রের সর্বাধিক রান সংগ্রহকারী। পাঁচটি ম্যাচে ৩৬১ রান করেছেন, গড় ৫১.৫৭। একটি শতরান ও দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেই বাওনেকে ছাড়াই আজ খেলতে হচ্ছে মহারাষ্ট্রকে।
গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার নীচ থেকে দুই নম্বরে আছে মহারাষ্ট্র। নক আউটে যাওয়ার আশা শেষ। আজ বরোদা টস জিতে ফিল্ডিং নিয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১১২। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চার নম্বরে নেমে ২১ বলে ১০ রানের বেশি করতে পারেননি।












Click it and Unblock the Notifications