রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশকে হারিয়ে অভিযান শুরু বাংলার, মনোজ-কৌশিক-অনুষ্টুপের অর্ধশতরান
উত্তরপ্রদেশের বিরুদ্ধে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়ে রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা। ইডেনে মনোজ তিওয়ারির দল জিতল ৮ উইকেটে।
শেষ দিনে বাংলাকে জিততে হলে করতে হতো ১০১ রান, হাতে ছিল ৮ উইকেট। এদিন ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। অর্ধশতরান অধিনায়ক মনোজ তিওয়ারি, কৌশিক দাস ও অনুষ্টুপ মজুমদারের।

(ছবি- সিএবি মিডিয়া)
টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ তোলে ১৯৮ রান। জবাবে খেলতে নেমে বাংলার প্রথম ইনিংস থেমেছিল ১৬৯ রানে। প্রথম ইনিংসে লিড নেওয়ার ফায়দা অবশ্য তুলতে পারেনি উত্তরপ্রদেশ। বাংলার বোলারদের দাপুটে পারফরম্যান্সের জেরে ২২৭ রানে শেষ হয় উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস। ফলে বাংলার সামনে জয়ের জন্য টার্গেট ছিল ২৫৭ রানের।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ছিল ৪২ ওভারে ২ উইকেটে ১৫৬ রান। ওপেনার কৌশিক ঘোষ ৬৯ ও অনুষ্টুপ মজুমদার ৪৪ রানে অপরাজিত ছিলেন। আজ খেলার শুরুর পর প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান কৌশিক ঘোষ। অঙ্কিত রাজপুতের বলে বোল্ড হন কৌশিক, ১০টি চারের সাহায্যে ১২৪ বল খেলে তিনি ৬৯ রান করেন। ১৫৬ রানেই বাংলা তৃতীয় উইকেট হারায়। এরপর অনুষ্টুপকে নিয়ে অসাধারণ পার্টনারশিপ গড়েন অধিনায়ক মনোজ তিওয়ারি।
৭১.৫ ওভারে যখন অনুষ্টুপ রিঙ্কু সিংয়ের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন বাংলা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ১০টি চারের সাহায্য়ে ১৭০ বল খেলে ৮৩ রান করেন অনুষ্টুপ। মনোজ ও অনুষ্টুপ চতুর্থ উইকেট জুটিতে ৯৭ রান। শেষে ৭৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি অধিনায়কোচিত ইনিংস খেলেন। ১০৮ বলে ৬০ রানে অপরাজিত রইলেন, তাঁর ইনিংস সাজানো সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ভারতের টেস্ট দলে থাকায় মনোজ ইউপি ম্যাচে নেতৃত্ব দিলেন বাংলাকে। বারবারেই তিনি বলে থাকেন, অবসরের আগে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করাতে চান। সেই লক্ষ্যে প্রথম ধাপ পার করলেন। মনোজের সঙ্গে ৫ বলে ২ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। শিবম মাভি ২টি এবং অঙ্কিত রাজপুত ও রিঙ্কু সিং একটি করে উইকেট দখল করেন।
লক্ষ্মীরতন শুক্লা বাংলার হেড কোচ হিসেবে এদিনই প্রথম রঞ্জি ম্যাচ জয়ের স্বাদ পেলেন। প্রথম ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭০ রানের বিনিময়ে ২ উইকেট নেওয়া ঈশান পোড়েল ম্যাচের সেরার পুরস্কার পেলেন। এলিট গ্রুপ এ-তে বাংলা ৬ পয়েন্ট নিয়ে রয়েছে হিমাচল প্রদেশের পরেই। হিমাচল হরিয়ানাকে ইনিংস ও ৮৮ রানে হারিয়ে সাত পয়েন্ট সংগ্রহ করেছে। ২০ ডিসেম্বর থেকে ইডেনে বাংলার পরবর্তী ম্যাচ সেই হিমাচল প্রদেশের বিরুদ্ধেই।












Click it and Unblock the Notifications