রোহিত ও বিরাটের ব্যর্থতা ঢাকলেন রাহুল-সূর্য-হার্দিক, মোহালিতে অস্ট্রেলিয়াকে ২০৯ রানের টার্গেট দিল ভারত
মোহালিতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২০৯ রানের টার্গেট রাখল ভারত। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। পাওয়ারপ্লে-র মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর অবস্থা সামাল দেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। শেষের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অর্ধশতরান করে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। রাহুল হাফ সেঞ্চুরি করলেও হার্দিকই দলের হয়ে সর্বাধিক রান করলেন আজ।

ব্যর্থ রোহিত-বিরাট
রোহিত শর্মা ২.৪ ওভারে দলের ২১ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৯ বলে ১১ রানের ইনিংসে রয়েছে ১টি করে চার ও ছয়। এই ছয়টি মারায় টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে মার্টিন গাপটিলের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন হিটম্যান। রোহিত ফেরার পর জঘন্য শট খেলে কার্যত ক্যাচ প্র্যাকটিস করালেন বিরাট কোহলি। পঞ্চম ওভারের পঞ্চম বলে তিনি এলিসের শিকার। সহজ ক্যাচ দিলেন ক্যামেরন গ্রিনের হাতে। বিরাট ৭ বলে ২ রান করে আউট হন। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর পাওয়ারপ্লে-তে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪৬।

ভিত গড়লেন রাহুল-সূর্য
ভারতের ৫০ রান পূর্ণ হয় ৬.৩ ওভারে। ১০ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৮৬। ১০০ রান পূর্ণ হয় ১১.৪ ওভারে। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখবে লোকেশ রাহুলের ফর্ম। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৪১ বলে ৬২। সেই ম্যাচে ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। আজ রাহুল অর্ধশতরান পূর্ণ করেন ৩২ বলে। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৩৫ বলে ৫৫ রান করে হ্যাজলউডের বলে এলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ১০৩ রানে। রাহুল এদিন ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করলেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, হরমনপ্রীত কৌর, মিতালি রাজ ও স্মৃতি মান্ধানার পরেই। বিরাট কোহলির এই কীর্তি গড়তে লেগেছিল ৫৬টি ইনিংসে, রাহুল রইলেন তাঁর পরেই, ৫৮তম ইনিংসে পেরোলেন ২ হাজারের মাইলস্টোন।

ঝোড়ো ইনিংসে SKY-এর
ঝোড়ো ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। তিনি ১৩.৩ ওভারে দলের ১২৬ রানের মাথায় সাজঘরে ফেরেন। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে সূর্য করেন ২৫ বলে ৪৬। তিনি ক্যামেরন গ্রিনের বলে কট বিহাইন্ড হন। অক্ষর প্যাটেল অবশ্য রান পেলেন না। তিনি ৫ বলে ৬ রান করে এলিসের বলে গ্রিনের হাতেই ক্যাচ দিয়ে আউট হন। ১৫.৫ ওভারে ভারতের পঞ্চম উইকেটটি পড়ে ১৪৬ রানে। এদিন মাঝের ওভার বা ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ভারত ৯৫ রান তোলে, ২ উইকেট হারিয়ে।

বিধ্বংসী হার্দিক
ঋষভ পন্থকে এদিন ভারত খেলায়নি। পাঁচে ব্যাট করতে নেমে দলের রান তোলার গতি বাড়িয়ে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন হার্দিক পাণ্ডিয়া। দীনেশ কার্তিক এদিন সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। এলিসের বল তাঁর প্যাডে লেগেছিল। আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়ার রিভিউয়ে আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। কার্তিক লেগ বিফোর হন ৫ বলে ৬ রান করে। হার্দিকের অর্ধশতরান আসে মাত্র ২৫ বলে। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি ও সর্বাধিক রান পেলেন হার্দিক। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন ৩৩ বলে ৫১। শেষ ওভারে নিলেন ২১ রান, যার মধ্যে শেষ তিনটি বলে তিনটি ছক্কা। ভারত ২০ ওভারে তুলল ৬ উইকেটে ২০৮। হার্দিক সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। ৪ বলে ৭ রান করে অপরাজিত থাকেন হর্ষল প্যাটেল। ভারত শেষ ৫ ওভারে তোলে ৬৭ রান, ২ উইকেটের বিনিময়ে।

রেকর্ড গড়ার চ্যালেঞ্জ অজিদের
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সফলতম নাথান এলিস। তিনি চার ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। জশ হ্যাজলউড পেয়েছেন ২টি উইকেট, ৪ ওভারে দেন ৩৯। ক্যামেরন গ্রিন ৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট পান। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ৪ ওভারে ৪৭, অ্যাডাম জাম্পা ৪ ওভারে ৩৬ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ১০ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভারত এদিন টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান তুলল।ফলে অজিরা জিতলে তা হবে রেকর্ড।












Click it and Unblock the Notifications