India's New Coach: ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন স্থায়ীভাবে, রাহুল দ্রাবিড়ের ভূমিকা বদলাচ্ছে
India's New Coach: আজ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ। এই সিরিজে হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে তিনিই স্থায়ীভাবে ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব আর সামলাবেন না। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও হেড কোচ হিসেবেই যাবেন ভিভিএস লক্ষ্মণ।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরেই। বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধ়ৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্রাবিড় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ থাকতে চান না। প্রায় ২০ বছর ক্রিকেটার হিসেবে এবং তারপর ভারতীয় দলের কোচ হিসেবেও দেশে-বিদেশে যেতে হয়েছে। আর তেমনটা তিনি চান না।
দ্রাবিড় বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধানের দায়িত্ব পালনে অবশ্য আগ্রহী বলেই জানা যাচ্ছে। এর আগেও তিনি এই দায়িত্ব সামলেছেন। দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর ভিভিএস লক্ষ্মণকে ওই পদে আনা হয়েছিল। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিজে ভিভিএস লক্ষ্মণ অস্থায়ীভাবে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন।
বিসিসিআই সূত্রে দাবি, ভারতীয় দলের হেড কোচ হতে তিনি যে আগ্রহী তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন লক্ষ্মণ। বিশ্বকাপ চলাকালীনই তিনি আমেদাবাদে বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে এসেছেন। আপাতত বেশ কয়েক বছরের জন্যই লক্ষ্মণ ভারতীয় দলের হেড কোচ হতে চলেছেন। ভারতীয় দলের ফুল-টাইম হেড কোচ হিসেবে তিনি শুরু করবেন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই।
দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে বীরেন্দ্র শেহওয়াগের নাম ভাসছিল। তিনি এখন কোনও আইপিএল দলের সঙ্গে জড়িত নন। আগে তিনি ভারতীয় দলের হেড কোচ হতে আগ্রহও দেখিয়েছিলেন। তবে এখন বীরু নিজের ছেলের কেরিয়ার তৈরিতে ব্যস্ত। সে কারণে অনেক জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ছেলের প্রস্তুতিতে ফোকাস করছেন। বীরু-পুত্রও ওপেনার, আগ্রাসী ব্যাটিংই করে।
রাহুল দ্রাবিড়কে নিয়ে জল্পনা অবশ্য থামছে না। তিনি যেমন ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দায়িত্বে ফিরতে পারেন বলে জল্পনা রয়েছে, তেমনই আইপিএলের কোনও দলের সঙ্গেও তিনি ছুক্তিবদ্ধ হতে পারেন বলে খবর। বিষয়টি আরও কিছুদিনের মধ্যে স্পষ্ট হতে পারে। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপকে নিয়েই লক্ষ্মণ চলবেন, নাকি নতুনভাবে সাপোর্ট স্টাফদের তালিকা সাজাবেন সেটাও দেখার।












Click it and Unblock the Notifications