IND vs BAN: চেন্নাই টেস্টে ব্যাকফুটে ভারত, ধোনির কীর্তি স্পর্শের পরও ড্রেসিংরুমকে হতাশ করলেন পন্থ
IND vs BAN: চেন্নাই টেস্টে বেশ বেকায়দায় ভারত। প্রথম সেশনে তিনটি উইকেট হারানোর পর অবস্থা কিছুটা সামাল দিয়েছিলেন ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল।
দ্বিতীয় সেশনেও এখনও অবধি তিনটি উইকেট হারিয়েছে ভারত। লাঞ্চের পর প্রথম আউট হন ঋষভ পন্থ। এরপর চার বলের ব্যবধানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন যশস্বী ও লোকেশ রাহুল।

ঋষভ পন্থ ৬৩২ দিন পর টেস্ট খেলতে নামলেন আজ। তিনি ব্যাট করতে নামার সময় ভারতের স্কোর ৯.২ ওভারে ৩৪। পন্থ ছিলেন চেনা ছন্দেই। চতুর্থ উইকেট জুটিতে যশস্বীর সঙ্গে ৬২ রান যোগ করেনষ যা এখনও অবধি ভারতীয় ইনিংসে সর্বাধিক পার্টনারশিপ।
পন্থ পেসারদের পাশাপাশি স্পিনারদের সামলাচ্ছিলেন অবলীলায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮। যশস্বী ৩৭ ও পন্থ ৩৩ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর সামান্য মনঃসংযোগের ঘাটতির খেসারত দিয়ে পন্থ কট বিহাইন্ড হন।
হাসান মাহমুদের চতুর্থ শিকার হলেন ৫২ বলে ৩৯ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসে রয়েছে ৬টি বাউন্ডারি। তবে যেভাবে লিটন দাসের হাতে ক্যাচ দিলেন তাতে পন্থ নিজেও হতাশ। প্যাভিলিয়নে ফেরার সময় প্যাডে ব্যাট দিয়ে মারতেও দেখা যায়। ড্রেসিংরুমে হেড কোচ গৌতম গম্ভীরের হতাশাজনক অভিব্যক্তিও ধরা পড়ে।
চেন্নাইয়ের চিপক মহেন্দ্র সিং ধোনির দ্বিতীয় ঘরের মাঠ। চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডেই এদিন ধোনির কীর্তি স্পর্শ করেন পন্থ। এদিন প্রথম রানের জন্য সাতটি বল অপেক্ষা করতে হয়। ১৯ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান হলো পন্থের। ধোনির রয়েছে ১৭,০৯২ রান। সৈয়দ কিরমানির আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৩২ রান রয়েছে। রাহুল দ্রাবিড়ও বেশ কয়েক বছর ভারতীয় দলে উইকেটকিপিং করেছেন। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের আন্তর্জাতিক রানের তালিকায় দ্রাবিড় আছেন ছয়ে। তিনি টেস্টে কিপিং না করলেও ৬৪টি একদিনের আন্তর্জাতিকে কিপার হিসেবে খেলে ২৩০০ রান করেছেন।
পন্থ আউট হন ২৫.৩ ওভারে ৯৬ রানের মাথায়। এরপর ১৪৪ রানেই ভারতের পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে। ৪১.৪ ওভারে যশস্বী জয়সওয়াল নাহিদ রানার শিকার হন। তিনি ৯টি চারের সাহায্যে ১১৮ বলে ৫৬ রান করেছেন। ৪৩তম ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুল ৫২ বলে ১৬ করে মেহিদি হাসান মিরাজের শিকার।












Click it and Unblock the Notifications