রেকর্ডের দোরগোড়ায় বুমরাহ! আজই গড়তে পারেন নতুন নজির
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে আজই। কটকের বরাবাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সফরের প্রথমার্ধে সমতা বজায় রয়েছে দু'টি টেস্টে ঐতিহাসিকভাবে সাদা ঝড় তুলে সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা, আর তার পাল্টা জবাব দেয় ভারত, একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে।
এই সিরিজে সবচেয়ে বেশি যাঁর দিকে নজর থাকবে, তিনি ভারতের পেস আক্রমণের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ। একদিনের সিরিজে বিশ্রামের পর ফের টি টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। টেস্ট সিরিজে বুমরাহ ছিলেন দুরন্ত ফর্মে মাত্র দুই ম্যাচে নিয়েছেন আটটি উইকেট, গড় ১৮.৫০, যার মধ্যে ছিল একটি পাঁচ উইকেট নেওয়ার অনবদ্য পারফরম্যান্স।

আধুনিক ক্রিকেটের সেরা পেসারদের তালিকায় যাঁর নাম অনায়াসেই উঠে আসে, সেই বুমরাহ এখন ইতিহাসের দোরগোড়ায়। ৩২ বছর বয়সি এই ডানহাতি পেসারের শুধু একটি উইকেট দরকার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে ঢুকতে। সেই নজির ছুঁতে পারলে তিনি হবেন দ্বিতীয় ভারতীয় বোলার এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন অর্শদীপ সিং।
অর্শদীপ এই মুহূর্তে ভারতের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৬৮ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১০৫টি উইকেট, গড় ১৮.৫৯। আন্তর্জাতিক স্তরে অবশ্য এখনও শীর্ষে আফগানিস্তানের রশিদ খান ১০৮ ম্যাচে তাঁর শিকার ১৮২টি উইকেট।
তবে বুমরাহর সম্ভাব্য শততম টি টোয়েন্টি উইকেট শুধু একটি মাইলফলক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক ঐতিহাসিক অধ্যায়। এই উইকেট পেলেই তিনটি আন্তর্জাতিক ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি প্রতিটিতে ১০০ বা তার বেশি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়ে উঠবেন তিনি। বর্তমানে টেস্টে ৫২ ম্যাচে বুমরাহর উইকেট সংখ্যা ২৩৪, ওয়ানডেতে ৮৯ ম্যাচে ১৪৯ ও টি টোয়েন্টিতে ৮০ ম্যাচে ৯৯।
ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র চারজন বোলার এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন টিম সাউদি, সাকিব আল হাসান, শাহীন আফ্রিদি ও লাসিথ মালিঙ্গা। সেই এলিট তালিকায় নাম লেখানোর দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় পেস সেনসেশন।
পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে কটকের পর ম্যাচগুলি হবে মুল্লানপুর, ধরমশালা, লখনউ এবং আমেদাবাদে। টেস্টে ধাক্কা খাওয়ার পর একদিনের সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এবার টি টোয়েন্টিতে নজর শুধু সিরিজ জয়ের দিকেই নয়, ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার অপেক্ষায় জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications