আইপিএলে নতুন জার্সিতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতের দলের সমর্থকদের জন্য বিরাট ঘোষণা
আইপিএলের জন্য নতুন জার্সি উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স। সমর্থকদের জন্য একাধিক ঘোষণা করল এই ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল শুরু হবে চলতি মাসের ৩১ তারিখ। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স জনসমক্ষে আনল দলের নতুন জার্সি। নীল ও সোনালি রঙ রয়েছে জার্সিটিতে। তুলে ধরা হয়েছে মুম্বই শহরের নানা ঐতিহ্যশালী দিকগুলিকে। জার্সির ডিজাইন শান্তনু ও নিখিলের। একইসঙ্গে দলের সমর্থকদের জন্য বিরাট ঘোষণাও করেছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল অভিযান শুরু করবে ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে। এটি হবে বেঙ্গালুরুতে। এরপর ৮ এপ্রিল মুম্বইয়ে চেন্নাই সুপার কিংস, ১১ এপ্রিল দিল্লিতে দিল্লি ক্যাপিটালস, ১৬ এপ্রিল মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্স, ১৮ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ, ২২ এপ্রিল মুম্বইয়ে পাঞ্জাব কিংস, ২৫ এপ্রিল আমেদাবাদে গুজরাত টাইটান্স, ৩০ এপ্রিল মুম্বইয়ে রাজস্থান রয়্যালস, ৩ মে মোহালিতে পাঞ্জাব কিংস, ৬ মে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস, ৯ মে মুম্বইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১২ মে গুজরাত টাইটান্স, ১৬ মে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস ও ২১ মে মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিতদের।
|
নতুন জার্সি উন্মোচন
মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ও ট্রেনিং জার্সি আজ থেকেই পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ এমআই শপে। আপাতত ৭ দিন এই সুবিধা মিলবে। এরপর অন্যান্য নানা প্ল্যাটফর্ম থেকেও পছন্দের জার্সি কিনতে পারবেন সমর্থকরা। এমনকী জার্সিতে নিজের নাম ও পছন্দের জার্সি নম্বর লেখানোরও সুযোগ থাকছে। ছোট-বড় সকলের জন্য বিভিন্ন মাপের জার্সি প্রকাশ করা হয়েছে। এমআই শপ থেকে ম্যাচ, ট্রেনিং ও ট্রাভেল জার্সির রেপ্লিকা রেঞ্জ থেকে নিজের পছন্দের জার্সি কিনতে পারবেন।
|
মুম্বই শহরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে
মুম্বই ইন্ডিয়ান্সের এবারের জার্সির ডিজাইনে রাখা হয়েছে হলুদ-কালো ট্যাক্সি, আরব সাগর, সি লিঙ্ক, গেটওয়ে অব ইন্ডিয়া ও গোল্ড লাইনস বা শহরের নানা রাস্তাঘাট। ডিজাইনার শান্তনু ও নিখিল বলেন, মুম্বই শহরে গ্ল্যামার ও কর্মচঞ্চলতার মধ্যেও নিহিত রয়েছে স্বপ্ন। সেই স্বপ্ন এতটাই শক্তিশালী যা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। স্বপ্ন থেকেই সাফল্যে পৌঁছয় মানুষ। আরব সাগরের ধারের এই শহরে মানুষের আকাঙ্ক্ষা সদাজাগ্রত। সেই বিষয়টিকে মাথায় রেখেই জার্সিটি তৈরি করা হয়েছে। এতেই বোঝা যাচ্ছে, আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবার গত বছরের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে কতটা প্রত্যয়ী।
|
সমর্থকদের জন্য
মুম্বই ইন্ডিয়ান্স মেম্বারশিপ প্যাকেজও ঘোষণা করেছে বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপের জন্য। ফ্যামিলি মেম্বারশিপের ক্ষেত্রে জুনিয়র প্যাকেজ রয়েছে ৬৯৯ টাকার, সিলভার প্যাকেজ ৭৯৯ টাকার, গোল্ড প্যাকেজ রয়েছে ২১৯৯ টাকার। হোম ম্যাচ টিকিটের ক্ষেত্রে মেম্বাররা অগ্রাধিকার পাবেন। এক্সক্লুসিভ মার্চেন্ডাইজের ক্ষেত্রে বিশেষ ছাড় যেমন মিলবে, তেমনই বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া ও এমআই ফ্যামিলি থেকে স্পেশ্যাল কনটেন্ট পাওয়ার অধিকারী হবেন সদস্যরা।












Click it and Unblock the Notifications