কেরিয়ারের মাঝপথ পেরিয়ে আর কোনওদিন উইকেটকিপিং অনুশীলন করেননি ধোনি, অজানা গল্প শোনালেন প্রাক্তন কোচ
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত হলেও, তাঁর ব্যাটিং এবং উইকেটকিপিং দক্ষতাও ছিল অতুলনীয়।
উইকেটকিপার হিসেবে ধোনি অনেক রেকর্ড গড়েছেন। সেগুলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের পাঁচ বছর পরেও অক্ষত রয়েছে। স্টাম্পের পিছনে তাঁর দ্রুতগতির হাত এবং কৌশলগত বুদ্ধি তাঁকে গ্লাভস হাতে দারুণ পারফরম্যান্স করতে সাহায্য করেছে।

ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ রামকৃষ্ণন শ্রীধর ধোনিকে নিয়ে অজানা কথা জানিয়েছেন। শ্রীধর জানান, ধোনি আন্তর্জাতিক পর্যায়ে আট-নয় বছরের অভিজ্ঞতার পর বলা যায় উইকেটকিপিং অনুশীলন প্রায় বন্ধ করে দিয়েছিলেন। এর পরিবর্তে তিনি ছোট ছোট রিফ্লেক্স ড্রিলের মাধ্যমে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিয়েছিলেন।
২০০৪ সালে ধোনির ভারতের হয়ে অভিষেক হয় এবং প্রায় দুই বছর পর থেকে তিনি দেশের হয়ে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই খেলছিলেন। ২০২০ সালে তিনি অবসর নেন।
শ্রীধর এক সংবাদসংস্থাকে বলেছেন, এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে আট বা নয় বছর খেলার পর উইকেটকিপিং অনুশীলন করেননি। যখন তিনি তরুণ ছিলেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রভাব তৈরি হয়নি, তখন তিনি তাঁর উইকেটকিপিং দক্ষতার ওপর অনেক কাজ করেছেন। তাঁর একটি চমৎকার নিজস্ব কৌশল ছিল। যা অত্যন্ত কার্যকর ছিল।
শ্রীধর জানান, ধোনি কেরিয়ারের পরের দিকে উইকেটকিপিং অনুশীলন বন্ধ করে দিয়েছিলেন নিজের আঙুল সুরক্ষিত রাখার জন্য। কারণ তিনি ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলছিলেন। এক্ষেত্রে কাজের চাপ এতটাই বেশি ছিল যে তাঁর আর অনুশীলনের প্রয়োজন ছিল না। কারণ স্টাম্পের পিছনে ডেলিভারি এবং থ্রো ধরার সময় তাঁর আঙুলে আঘাত লাগছিল। সেটা ধোনি চাননি বলেই প্রথাগত উইকেটকিপিং অনুশীলন বন্ধ করে দেন।












Click it and Unblock the Notifications