MS Dhoni Jersey: ধোনিতেই সমাপ্ত ৭! প্রাক্তন ভারত অধিনায়কের জার্সিও এবার সংরক্ষণের তালিকায়
MS Dhoni Jersey: সচিন তেন্ডুলকরের পর এবার মহেন্দ্র সিং ধোনিকেও বিরল সম্মান জানাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন এমএসডি। ক্রিকেট আর ধোনির সম্পর্ক এখন শুধু সিএসকের হলুদ জার্সির সুতোয় বাধা। ক্যাপ্টেন কুলের সাত নম্বর জার্সিকে এবার চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থ্যাত সচিনের ১০ নম্বরের মতোই ধোনির সাত নম্বর জার্সিও সংরক্ষণের পথে বিসিসিআই।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাত নম্বর জার্সি যেন মিথ হয়ে গিয়েছে। এই জার্সি গায়েই দেশকে জিতিয়েছেন দুটি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সহ একাধিক টুর্নামেন্ট। রেকর্ড, মাইলস্টোন সব কিছুই জড়িয়ে আছে ধোনির ৭ নম্বর জার্সির সঙ্গেই। ক্যাপ্টেন কুলকে সম্মান জানাতে তাঁর জার্সি নম্বরটি(৭) সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। ধোনির সাত নম্বর জার্সিটি আর কোনও ভারতীয় ক্রিকেটার কখনও পরতে পারবেন না।

এর আগে সচিনের ১০ নম্বর জার্সিও একইভাবে সংরক্ষণ করেছে বিসিসিআই। ভারতীয় দলের ১০ নম্বর জার্সি বলতে একটা নামই সকলের সবার প্রথম মনে আসে। তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।বছরের পর বছর ধরে এই ১০ নম্বর জার্সিতেই ২২ গজে রাজ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র শত সেঞ্চুরির মালিক।
সচিন তেন্ডুলকর ছাড়া অপর ক্রিকেটার যিনি ১০ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি হলে শার্দূল ঠাকুর। নিজের অভিষেক ম্যাচে শার্দূল ১০ নম্বর পরে নেমেছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রুত মাস্টার ব্লাস্টারের জার্সি সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়। এর ফলে আর কখনও শার্দূলকে ১০ নম্বর জার্সি পড়ে কোনও ম্যাচেই দেখা যায়নি। বর্তমানে ৫৪ নম্বর জার্সি গায়ে থাকে ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের।
ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তার পর থেকে যদিও কোনও ভারতীয় ক্রিকেটারই ৭ নম্বর জার্সি পরেননি।












Click it and Unblock the Notifications