ধোনির কীর্তি স্পর্শ বাটলারের! চলতি বছরে দুটি বিশ্বকাপ জেতার স্বাদ পেলেন ইংল্যান্ডের কোন সাপোর্ট স্টাফ?
মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করলেন জস বাটলার। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে এই দুই উইকেটকিপার-ব্যাটার অধিনায়ক হিসেবে দেশকে চ্যাম্পিয়ন করেছেন। ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপ ভারত জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। আজ বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ২০১০ সালের পর ফের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হলো।

দ্বিতীয়বার টি ২০ বিশ্বকাপ ইংল্যান্ডের দখলে
২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ফাইনালে উঠেও হেরে গিয়েছিল ইংল্যান্ড। শেষ ওভারে ইডেনে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯। বেন স্টোকসের প্রথম চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন কার্লোস ব্রেথওয়েট। এরপর ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে জেতানোর মূল কারিগর ছিল বেন স্টোকস। গত বছর টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ড নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে বিদায় নিয়েছিল। এবার অবশ্য আইরিশদের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো ইংল্যান্ড ফের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হলো।

প্রথম দল হিসেবে নজির
ইংল্যান্ডই প্রথম দল যারা ৫০ ওভারের বিশ্বকাপ নিজেদের দখলে রাখা অবস্থায় টি ২০ বিশ্বকাপের দখল নিল। ২০১৯ সালে লর্ডসে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল থ্রি লায়ন্স। আজ ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপ জিতল মেলবোর্নে। ইডেনে কাপ জয়ের কাছাকাছি পৌঁছেও চ্যাম্পিয়ন হতে না পারার অভিশাপ কাটানোর সঙ্গে সঙ্গেই বিরানব্বয়ের বিশ্বকাপ পাকিস্তানের কাছে এমসিজিতে ফাইনালে হারের প্রতিশোধও নিল ইংল্যান্ড।
|
গর্বিত বাটলার
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, টি ২০ বিশ্বকাপ জিতে আমরা সকলেই গর্বিত। একটা লম্বা সফর এবং কিছু রদবদল হয়েছে। তবে তার পুরস্কার মিলল। আয়ারল্যান্ড ম্যাচটা বাদ দিলে অসাধারণ টু্নামেন্ট খেললাম। আদিল রশিদ অসাধারণ খেলেছেন। তাঁর হাতে বল তুলে দিলে কিছু না কিছু হবেই। রান তাড়া করাটাও সহজ ছিল না। শুরুটা ভালো হওয়ায় রান রেট নিয়ন্ত্রণে ছিল। বেন স্টোকস যেভাবে শেষ অবধি থেকে দলকে চ্যাম্পিয়ন করালেন তার প্রশংসাও করেন বাটলার।
|
একই বছরে জোড়া বিশ্বকাপ
এরই মধ্যে এক বিরল নজির গড়লেন ম্যাথু মট। গত এপ্রিলে ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের হেড কোচ ছিলেন কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু। এরপর তিনি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের হেড কোচ হিসেবে নিযুক্ত হন। স্প্লিট কোচিং, স্প্লিট ক্যাপ্টেন্সিতেও যে সাফল্য পাওয়া যায় তা দেখিয়ে দিল ইংল্যান্ড। ইংল্যান্ডের হাতে যখন দ্বিতীয়বারের জন্য টি ২০ বিশ্বকাপ উঠছে, গোটা দল সেলিব্রেশনে মেতে, তার আগেই মাস সাতেকের মধ্যেই জোড়া বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করলেন মট। বাটলার এ প্রসঙ্গে বলেন, ম্যাথু মট আমাদের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছেন। কোচিং স্টাফকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছেন নিজেদের দক্ষতার উপর আস্থা রেখে মাঠে রেখে নিজেদের মেলে ধরতে।












Click it and Unblock the Notifications