Mohammed Shami: শামি যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়, মুকেশের সঙ্গে খেলবেন বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে
Mohammed Shami: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে না। এবার তাঁর ফিটনেস যাচাই করা হবে বিজয় হাজারে ট্রফিতে।
আজই এই টুর্নামেন্টের জন্য বাংলা দল ঘোষণা করা হয়েছে। তাতে শামি ছাড়াও রয়েছে মুকেশ কুমারের নাম। নেতৃত্ব দেবেন সুদীপ কুমার ঘরামিই।

অনেকদিন ধরেই জল্পনা চলছিল শামিকে চতুর্থ ও পঞ্চম টেস্টে খেলার জন্য অন্তত অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে। কিন্তু শামিকে রেখে বাংলার দল ঘোষণায় সেই সম্ভাবনায় ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে খেলিয়ে শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে।
শাহবাজ আহমেদকে বাংলা বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফির ম্যাচে পাবে না। এই পরিস্থিতিতে শামির সঙ্গে মুকেশ কুমার বিজয় হাজারে ট্রফিতে খেললে নিশ্চিতভাবেই বাংলার বোলিং আক্রমণ শক্তিশালী হবে। উল্লেখ্য, বাংলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে বরোদার কাছে হেরে।
বাংলা দল বিজয় হাজারে ট্রফি খেলতে রওনা দেবে বুধবার। বাংলার গ্রুপ পর্বের খেলাগুলি রয়েছে হায়দরাবাদে। প্রথম ম্যাচ ২১ তারিখ দিল্লির বিরুদ্ধে। ২৬ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারত চতুর্থ টেস্ট খেলতে নামবে। ফলে স্পষ্ট, শামির ডাউন আন্ডার সিরিজে খেলতে যাওয়া হলো না।
২৬ ডিসেম্বর বাংলার দ্বিতীয় ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে। বরোদার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিয়েছিল বাংলা। সেই বরোদার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে বাংলার ম্যাচ ২৮ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর খেলা কেরলের বিরুদ্ধে। ৩ জানুয়ারি বিহারের বিরুদ্ধে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা মুখোমুখি হবে মধ্যপ্রদেশের।
বাংলা দল- সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, করণ লাল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, রণজ্যোৎ সিং খৈরা, প্রদীপ্ত প্রামাণিক, কৌশিক মাইতি, বিকাশ সিং (সিনিয়র), মুকেশ কুমার, সক্ষম চৌধুরী, রোহিত কুমার, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ।












Click it and Unblock the Notifications