সুপার এইটে জোর ধাক্কা খেল ভারত, আমেদাবাদে দাপুটে জয় ছিনিয়ে মধুর প্রতিশোধ দক্ষিণ আফ্রিকার
টি২০ বিশ্বকাপ বছর দুয়েক আগে ভারত জিতেছিল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। আজ আমেদাবাদে চলতি টি২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মধুর প্রতিশোধ নিল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা এদিন ম্যাচ জিতে নিল ৭৬ রানে। টি২০ বিশ্বকাপে রানের নিরিখে এটি ভারতের সর্বাধিক ব্যবধানে পরাজয়, শুধু টি২০ আন্তর্জাতিক ধরলে দ্বিতীয়। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে টি২০ আন্তর্জাতিকে ৮০ রানে হেরেছিল ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২০ রানে তিন উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক (৬) ও রায়ান রিকেলটনকে (৭) আউট করেন জসপ্রীত বুমরাহ। অধিনায়ক এইডেন মার্করাম (৪) অর্শদীপ সিংয়ের শিকার। এরপর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। তাঁরা ৫১ বলে মূল্যবান ৯৭ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখেন। ম্যাচের সেরা মিলার ৩৫ বলে ৬৩ ও ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন।
বাকি কাজটা সারেন ট্রিস্টান স্টাবস। ২০তম ওভারে হার্দিক পাণ্ডিয়া বল করতে এলে এই ওভারে ২০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যার ফলে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানে পৌঁছে যায়। স্টাবস ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। বুমরাহ ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিলেন, টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে তিনিই আজ থেকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী। অর্শদীপ সিং ২টি এবং বরুণ চক্রবর্তী ও শিবম দুবে ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে শুরু থেকেই অস্বস্তিতে পড়ে ভারত। প্রথম ওভারের চতুর্থ বলেই ফর্মে থাকা ঈশান কিষাণকে শূন্য রানে ফেরান এইডেন মার্করাম। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারের মধ্যে ভারত আরও দুটি উইকেট হারায়।
ভারত ১৮.৫ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায়। শিবম দুবে সর্বাধিক ৪২, অভিষেক শর্মা ১৫, তিলক বর্মা ১, অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮, ওয়াশিংটন সুন্দর ১১, হার্দিক পাণ্ডিয়া ১৮, রিঙ্কু সিং ০, অর্শদীপ সিং ১ ও জসপ্রীত বুমরাহ ০ রানে আউট হন।
মার্কো জানসেন ৩.৫ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন। কেশব মহারাজ ৩ ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। করবিন বশ ২টি, এইডেন মার্করাম ১টি উইকেট নেন। সুপার এইটে ভারতের পরের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে দলে পরিবর্তনের সম্ভাবনা জোরালো হলো। অক্ষর প্যাটেলকে খেলানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। প্রয়োজনে রিঙ্কু সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।












Click it and Unblock the Notifications