রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে বাংলা মিরাকলের আশায়, মনোজ-অনুষ্টুপের লড়াকু অর্ধশতরান
রঞ্জি ট্রফি ফাইনালে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র চেয়ে এখনও ৬১ রানে পিছিয়ে বাংলা। অনুষ্টুপ মজুমদার অর্ধশতরান করে আউট হয়েছেন। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত রয়েছেন মনোজ তিওয়ারি।
রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিনের শেষে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা দারুণভাবে ম্যাচে ফেরার আশার কথা বলেছিলেন। কিন্তু তৃতীয় দিনে মনোজ তিওয়ারির দল কিছুটা লড়াই চালালেও বিশেষজ্ঞদের মতে, দেরি হয়ে গিয়েছে অনেকটাই। ফলে শেষ দুই দিনে বাংলার ভরসা মিরাকল। ভরসা রাখতে হবে বরুণদেবের উপরেও, যাতে বৃষ্টিতে ওভার নষ্ট না হয়।

সৌরাষ্ট্রর ২৩০ রানের লিড প্রথম ইনিংসে
বাংলার প্রথম ইনিংসে ১৭৪ রানের জবাবে আজ ৫ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করেছিল সৌরাষ্ট্র। ৩৬৯ রানে নবম উইকেটটি পড়ে। তারপরেও সৌরাষ্ট্রর প্রথম ইনিংস পৌঁছয় ৪০৪ রানে। ভারত যদি সৌরাষ্ট্রর লিড ২০০-র নীচে রাখতে পারতো তবুও কিছুটা আশা থাকতো। কিন্তু খারাপ ফিল্ডিং, ক্যাচ মিস ও পরিকল্পনাহীন বোলিংয়ে শেষ উইকেট তুলে রীতিমতো কালঘাম ছুটে যায় বাংলার। সৌরাষ্ট্রর লিড চলে যায় ২৩০ রানে। মুকেশ কুমার দখল করেন চারটি উইকেট।

প্রাথমিক ধাক্কা কাটিয়েছে বাংলা
জবাবে খেলতে নেমে দিনের শেষে বাংলা পজিটিভ খেলাই চালিয়ে যাচ্ছে। অবশ্যই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সুমন্ত গুপ্ত ১ রান করে আউট হন। ১ রানে পড়ে প্রথম উইকেট, ২২ রানে দ্বিতীয় উইকেট এবং ৪৭ রানে পড়ে তৃতীয় উইকেট। অভিমন্যু ঈশ্বরন ১৬ ও সুদীপ ঘরামি ১৪ রান করেন। এরপর ৯৯ রানের পার্টনারশিপ গড়েন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার। ১০১ বলে ৬১ রান করে জয়দেব উনাদকাটের দ্বিতীয় শিকার হন অনুষ্টুপ। সুমন্ত ও অভিমন্যুকে আউট করেন চেতন সাকারিয়া। উনাদকাট অনুষ্টুপের আগে সুদীপের উইকেটটিও তুলে নেন।

মনোজের শেষ ইনিংস?
মনোজ তিওয়ারি বলেছিলেন, বাংলাকে রঞ্জি জিতিয়ে অবসর নেবেন। মিরাকল ছাড়া এবার সেটা সম্ভব নয়। তবে ইডেনের দর্শকরা ধরেই নিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসটি খেলছেন মনোজ। বাংলার অধিনায়ক দিনের শেষে ৫৭ রানে অপরাজিত। ১২৯ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি রয়েছে। শাহবাজ আহমেদ ২১ বলে ১৩ রানে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের স্কোর ৫৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯। সৌরাষ্ট্রর চেয়ে এখনও ৬১ রানে পিছিয়ে।

উনাদকাটদের হারাতে ভরসা মিরাকল
বাংলা তৃতীয় দিনের কয়েকটা সেশন নিজেদের পক্ষে নিতে পারলেও খেতাব জয়ের বিষয়ে এখনও ফেভারিট সৌরাষ্ট্রই। কাল বাংলা যদি বড় রানের চ্যালেঞ্জ সৌরাষ্ট্রর দিকে ছুড়েও দিতে পারে, তবু অলরাউন্ডার-সমৃদ্ধ সৌরাষ্ট্রকে হারানোর জন্য পর্যাপ্ত সময় হাতে থাকবে বলে মনে হয় না। গতকাল সারাদিনে বাংলার বোলাররা মাত্র তিন উইকেট নিতে পেরেছিলেন। সেখানেই বাংলার রঞ্জি জয়ের স্বপ্নের সলিল সমাধি হয়ে গিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। উনাদকাট ৪৭ রান দিয়ে এবং সাকারিয়া ৫০ রানের বিনিময়ে ২টি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications