Ranji Trophy: কুয়াশাতে খেলা বন্ধ, সাজঘরে ক্লাস চালু হেডস্যার লক্ষ্মীর, তিন পয়েন্টের সঙ্গে বাংলার প্রাপ্তি কী?
রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে পুরো পয়েন্ট অধরাই থাকল বাংলার। ভাগ্যের সহায়তা না পাওয়ায় তিন পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল বঙ্গ ব্রিগেডকে। অথচ প্রতিপক্ষের ডেরায় গিয়ে পুরো পয়েন্ট পাওয়ার মতোই পারফরম্যান্স করেন মনোজ ব্রিগডে। কিন্তু চতুর্থ দিনে আশঙ্কাই সত্যি হল। খারাপ আবহাওয়ার জন্য চতুর্থ দিনে একটি বলও খেলা হল না।
প্রথম তিন দিনে খেলা শুরু হয়েছিল দেরিতে। কিন্তু চতুর্থদিনে একটি বলও খেলা গড়াল না। কিন্তু হেডস্যারের নাম যখন লক্ষ্মীরতন শুক্লা। সময় তো নষ্ট করা যাবে না। ম্যাচ না হলেও চলল ক্লাস। চতুর্থ দিনে ম্যাচ না হওয়ায় সময়টা পুরোমাত্রায় কাজে লাগালেন এলআর। ভিডিও চালিয়ে ক্রিকেটারদের ভুল ত্রুটি শুধরে দিলেন লক্ষ্মী।

মেঘলা আবহাওয়ায় কম আলোর জন্য বাংলা বনাম উত্তর প্রদেশ ম্যাচের শেষ দিনের বলই গড়াল না। সোমবার এক বলও খেলা না হওয়ায় অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। ড্র ম্যাচ থেকে বাংলা পেল ৩ পয়েন্ট। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে। উত্তর প্রদেশ এক পয়েন্ট পেয়েছে ম্যাচ থেকে।
বাংলার বোলার মহম্মদ কাইফ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সাত উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত ৪৫ রান করার সুবাদে কাইফ হয়েছেন ম্যাচের সেরা। পাশাপাশি এই ম্যাচে অভিষেক সুরজ সিন্ধুও বল হাতে নজর কাড়লেন। প্রথম দুই ম্যাচ থেকে প্রাপ্তি ৪ পয়েন্ট, সঙ্গে তরুণ ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স।
প্রথম ম্যাচে মহম্মদ কাইফের সঙ্গে অভিষেক হয়েছিল সৌরভ পাল এবং শ্রেয়াংস ঘোষের। প্রথম দুই ম্যাচ থেকে প্রাপ্তি প্রসঙ্গে বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী কানপুর থেকে ফোনে ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'প্রথম দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে চার পয়েন্ট খারাপ নয়। তার উপর উত্তরপ্রদেশের মতো কঠিন দলের বিরুদ্ধে তিন পয়েন্ট। আমাদের শুরুটা ভালোই হয়েছে।'
একইসঙ্গে তিনি বলেন, 'এই ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি অবশ্যই মহম্মদ কাইফ ও সুরজ সিন্ধু। দুজনেই অনবদ্য বোলিং করেছেন। আমাদের দুইজন ওপেনারই নতুন। এটাও বড় প্রাপ্তি, এইভাবেই নতুন ক্রিকেটাররা উঠে আসে।'
সোমবার রাতেই কলকাতা ফিরছে বাংলা দল। আগামী ১৯ জানুয়ারি থেকে ঘরের মাঠে ছত্তিশগড়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে বাংলা দল।












Click it and Unblock the Notifications