Litton Das: কলকাতার দলে ছিলেন ব্রাত্য, এবার সেই ক্রিকেটারই বাংলাদেশের ক্যাপ্টেন
তামিম ইকবালের অবসর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন অধিনয়াক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। অতীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সহ-অধিনায়ক ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আফগানিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে বাকি ম্যাচগুলোতে অধিনায়কত্ব করবেন লিটন দাস।' আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭ রানে হারে বাংলাদেশ। শনিবারল সিরিজের দ্বিতীয় ম্যাচ। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

চলতি মরসুমে বহু আশা নিয়ে আইপিএলে কেকেআর শিবিরে যোগ দেন লিটন। কিন্তু একটির বেশি ম্যাচে সুযোগ পাননি। বেশির ভাগ ম্যাচেই তাঁকে বসতে হয় রিজার্ভ বেঞ্চে। এবার সেই লিটনের হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিল বাংলাদেশ। তামিম অবসর নেওয়ার পর অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নিয়ে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন লিটনের সামনে।
এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন ওয়ান ডে অধিনায়কত্ব পেলেন লিটন ৷ এরআগে একাধিকবার দেশের হয়ে একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই তারকা ব্যাটসম্যান। ২০২২ সালের ডিসেম্বরে তামিমের চোটের সময় ভারতের বাংলাদেশ সফরের সময় লিটন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং দলকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দেন।

প্রসঙ্গত তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। তবে এখনও পর্যন্ত সদ্য প্রাক্তন অধিনায়ক এই বিষয়ে কিছুই বলেননি।সামনে রয়েছে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ। সেখানে দীর্ঘ মেয়াদে কে নেতৃত্ব দেবেন দলকে, তা এখনও ঠিক করেনি বিসিবি।
আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার ঠিক মাস তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাত্ অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। ফলে কিছুটা সমস্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন বর্ষীয়ান ক্রিকেটার সাকিব আল হাসান।

তামিম বিতর্কের মধ্যেই শুক্রবার নিয়মিত অনুশীলনই করেছে বাংলাদেশ। শুধু দলের সঙ্গে ছিলেন না অবসর নেওয়া তামিম। অনুশীলন শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সাংবাদিক সম্মেলনে আসেন লিটন দাস। তবে আফগানিস্তান ম্যাচের থেকেও সাংবাদিক সম্মেলনে তামিম প্রসঙ্গ বেশি উঠায় বেশ বিরক্ত হন লিটন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে তামিম বিদায় জানিয়ে দেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে।












Click it and Unblock the Notifications