ধোনিকে প্রাপ্য সম্মান ও সময় দিন : সৌরভ গঙ্গোপাধ্যায়
নয়াদিল্লি, ২৩ জুন : বাংলাদেশ সফরে দলের হারের জেরে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় অধিনায়ক এম এস ধোনিকে। সোমবার ধোনির পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বললেন, সম্মান ও কিছুটা সময় অবশ্যই ধোনির প্রাপ্য। ['ধোনি জমানা'-র শেষের শুরু বোধহয় হয়েই গিয়েছে!]
বাংলাদেশে একদিনের ম্যাচের দুটিতে পর পর হেরে সিরিজ খুইয়েছে ভারত। এরপরেই বিভিন্ন মহল থেকে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রবিবার রাতে ধোনি নিজেও বলেন, তিনি সরে গেলে যদি ভারতীয় ক্রিকেটের সুদিন ফিরে আসে তাহলে অধিনায়কত্ব ছেড়ে দিতেও পিছপা হবেন না তিনি।

ধোনির এই মন্তব্যের প্রসঙ্গে সৌরভ বলেন, ধোনির কথাগুলো কারোর গম্ভীর ভাবে নেওয়া উচিত না। কারণ ও যা বলেছে তা হতাশা থেকে বলেছে।
একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "ধোনি যা বলেছে তা রাগের মাথায় বলেছে, যেটা ঠিক নয়। হারার ফলে ভেঙে পড়েছে ও। ও উপরই বিষয়টা ছেড়ে দেওয়া ভাল। সবার একসঙ্গে বসে ভাবা উচিত। আর এমএস ধোনিকে নিচে নামাবেন না। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ত হিসাবে দুরন্ত রেকর্ড রয়েছে ধোনির। ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দিন।"
কমপক্ষে ২০১৬ সালে বিশ্ব টি২০ পর্যন্ত ধোনির কি অধিনায়ক থাকা উচিত, এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, "এটা কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত তো নয়। বিষয়টা ঠাণ্ডা হোক। বাংলাদেশের একদিনের সিরিজটা শেষ হতে দিন। এই ধরণের সিদ্ধান্ত তো আর রাতারাতি নেওয়া যায়না।"
সৌরভ আরও বলেন, "যেই এই সিদ্ধান্ত নিক না কেন তাকে দীর্ঘমেয়াদের কথা মাথায় রাখতে হবে। পাশাপাশি ধোনি অধিনায়ক হিসাবে খেলতে চায় কিনা নাকি নিজের ক্ষমতা সরিয়ে রাখতে চায় তার সিদ্ধান্ত নেওয়ার জন্য ওকে সময় দেওয়া উচিত।"












Click it and Unblock the Notifications