লিভার ক্যানসার কেড়ে নিল জীবন, থামল লড়াই! না ফেরার দেশে পাড়ি ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা
টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা ভারতীয় ব্যাটার রিঙ্কু সিংয়ের জীবনে। আজ, ২৭ ফেব্রুয়ারি, তাঁর বাবা খাচন্দ্র সিং প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে স্টেজ ৪ লিভার ক্যানসারের সাথে লড়াই করছিলেন তিনি। শেষ কয়েকদিন ধরে তিনি গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতাল (Yatharth Hospital)-এ ভর্তি ছিলেন। ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট এবং নিয়মিত রেনাল থেরাপি দেওয়া হচ্ছিল তাঁকে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বিশ্বকাপ চলাকালীনই একবার বাড়ি গিয়েছিলেন রিঙ্কু। পরে তিনি আবার দলের সঙ্গে চেন্নাই শিবিরে যোগ দেন। কিন্তু বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর আবারও টিম ক্যাম্প ছেড়ে আলিগড়ে পরিবারের কাছে ফিরে গিয়েছেন ২৮ বছরের এই ক্রিকেটার।
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছেন রিঙ্কু। ফিনিশারের ভূমিকায় ব্যাট করে তিনি ২৪ রান করেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইট ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না, যদিও বদলি হিসেবে তিনি মাঠে নেমেছিলেন।
এখন প্রশ্ন হল, টি-২০ বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কু খেলতে পারবেন কি না। আগামী রবিবার অর্থাৎ ১ মার্চ কলকাতায় ইডেনে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তাঁর উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বোর্ড অথবা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
যখন দলের জন্য গুরুত্বপূর্ণ সময় দরকার ঠিক তখনই ব্যক্তিগত শোকে ভেঙে পড়েছেন রিঙ্কু। এই কঠিন মুহূর্তে সতীর্থর পাশে থাকার বার্তাই দিচ্ছে ভারতীয় শিবির।












Click it and Unblock the Notifications