IND vs NZ: নিউজিল্যান্ডকে হারানোর ছক রেডি কুলদীপের, লক্ষ্মণের বড় পরামর্শ ভারতকে
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে এখনও চালকের আসনেই নিউজিল্যান্ড। তবে ভারতীয় দল এর আগেও যেমন ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে, তেমন কিছুর অপেক্ষার পালা চলছে চিন্নাস্বামীতেও।
ভারতের ৪৬ রানের জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থামে ৪০২ রানে। এরপর তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৩১। শেষ বলে বিরাট কোহলি আউট না হলে আরও ভালো জায়গায় থাকতে পারতো ভারত।

ভারত এখনও পিছিয়ে ১২৫ রানে। হাতে সাত উইকেট। ঋষভ পন্থ ব্যাট করতে পারবেন কিনা সেটাও দেখার। তবে কুলদীপ যাদব আত্মবিশ্বাসী, এই টেস্ট থেকেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব। কুলদীপের কথায়, আমরা যখন বোলিং করছিলাম, পিচ থেকে সাহায্য মিলছিল। আশা করি পঞ্চম দিনে বল আরও ঘুরবে।
বোলাররা পর্যাপ্ত পুঁজি নিয়েই দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন, আশা কুলদীপের। তবে কত রান যথেষ্ট হবে সেটা বলতে পারছেন না কুলদীপ। যদিও বেঙ্গালুরুতেই ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, ভারত ১৫০ রানের লিড নিতে পারলে তিন বিশ্বমানের স্পিনারের সামনে নিউজিল্যান্ডের ব্যাটারদের কাজটা সহজ হবে না।
সরফরাজ খান ৭০ রানে অপরাজিত রয়েছেন। ইরানি কাপ ফাইনালে অপরাজিত দ্বিশতরান করেছিলেন। তার ঠিক পরেই এই টেস্ট খেলছেন। কুলদীপের আশা, সরফরাজ এই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকাবেন। কুলদীপ বলেন, আমরা দেখেছি ইরানি কাপে সরফরাজ কীভাবে দুশো করেছিলেন। তেমন একটি ইনিংস এখানেও আসুক, সেটাই চাই।
কুলদীপ বলেন, সরফরাজ দেশের হয়ে খেলছেন এখন। টেকনিক যা-ই হোক, রান আসাটাই বড় কথা। স্পিনারদের বিরুদ্ধে তাঁর টেকনিক ভালো। স্পিনারদের থিতু হতে দেন না। আমি মনে করি যিনি এমনটা করতে পারেন, তিনি নিশ্চিতভাবেই ভালো ব্যাটার। যেভাবে সরফরাজ বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে গিয়েছেন, তাতেই স্পিনার সরিয়ে পেসার আনতে হয়েছে।
সরফরাজের প্রশংসা করেছেন লক্ষ্মণও। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৭৮ বলে ৭০ রানে অপরাজিত থাকা সরফরাজকে নিয়ে লক্ষ্মণ বলেন, চাপের মুহূর্তে যখন অসম্ভব কিছু করতে হয় তখন আস্থা রাখতে হয় নিজের শক্তির উপর। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, সরফরাজ খানরা স্বাভাবিক খেলাই খেলছেন। শেষে কী হবে বলা যায় না। তবে সকলেই ইতিবাচক মানসিকতা নিয়ে নামবেন। সকলেই ভাববেন, দলের প্রতি কীভাবে অবদান রাখা যায়।












Click it and Unblock the Notifications