ইন্দোর টেস্টে ১০৯ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে আত্মসমর্পণ রোহিত-বিরাটদের
ইন্দোর টেস্টে ১০৯ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার স্পিনাররাই নিলেন ৯ উইকেট।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণ পরেই ১০৯ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাথু কুহনেম্যান নিলেন ৫ উইকেট। নাথান লিয়ঁ তিনটি ও টড মার্ফি একটি উইকেট নেন। ভারতের হয়ে সর্বাধিক ২২ রান বিরাট কোহলির।

ভারতের প্রথম উইকেটটি পড়েছিল ষষ্ঠ ওভারের শেষ বলে। সেখান থেকে ৩৩.২ ওভারেই অল আউট। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ৭ উইকেটে ৮৪। ১০ নম্বরে নেমে উমেশ যাদব আগ্রাসী ব্যাটিং করাতেই ১০০ রানের কমে অল আউট হওয়ার লজ্জা থেকে রেহাই পেল ভারত। ওপেনিং জুটিতে উঠেছিল ২৭ রান। রোহিত শর্মা প্রথম ওভারে জোড়া জীবন পেয়েও ১২ রানের বেশি করতে পারেননি। লোকেশ রাহুলের জায়গায় সুযোগ পাওয়া শুভমান গিল ২১ রান করে আউট হন।
চেতেশ্বর পূজারা ১, রবীন্দ্র জাদেজা ৪ ও শ্রেয়স আইয়ার শূন্য রানে আউট হন। বিরাট কোহলি ৫২ বলে ২২ রান করেন। কেএস ভরত ১৭, রবিচন্দ্রন অশ্বিন ৩ রান করেন। উমেশ যাদব একটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৩ বলে ১৭ রান করেন। মহম্মদ সিরাজ রান আউট হওয়ার আগে খাতা খুলতে পারেননি। ৩৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। প্রথম ঘণ্টাতেই ৪৫ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। ৭০ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। ২টি মেডেন-সহ ৯ ওভারে ১৬ রান দিয়ে পাঁচটি উইকেট নিলেন ম্যাথু কুহনেম্যান। দুই ওপেনারের পাশাপাশি তিনি আউট করেন শ্রেয়স, অশ্বিন ও উমেশকে। নাথান লিয়ঁ ৩৫ রান খরচ করে নিলেন তিনটি উইকেট। পূজারা, জাদেজা ও ভরতকে ফেরান তিনি। টড মার্ফির শিকার বিরাট কোহলি। মার্ফি ৬ ওভার বল করেন, একটি মেডেন, ২৩ রান দিয়ে ১টি উইকেট পেলেন।
জবাবে খেলতে নেমে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়াও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেডকে আউট করেছেন রবীন্দ্র জাদেজা। আম্পায়ার জোয়েল উইলসন প্রথমে আউট দেননি। ভারত রিভিউ নেয়। যা সফল। ৬ বলে ৯ রান করে লেগ বিফোর হন হেড। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটটি পড়েছে ১.৪ ওভারে ১২ রানের মাথায়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে দিয়ে দুই প্রান্ত থেকে আক্রমণে এনেছেন রোহিত শর্মা। এখনও অবধি যে ১১টি উইকেট পড়েছে তার ১০টিই নিয়েছেন স্পিনাররা। একটি রান আউট।












Click it and Unblock the Notifications