KL Rahul: আইপিএলের মধ্যেই সুখবর দিলেন কেএল রাহুল, তারকা ক্রিকেটারের পরিবারে নতুন সদস্যের আগমন
আইপিএলের শুরুতেই বিরাট সুখবর দিলেন কেএল রাহুল। সোমবার লখনউ দলের বিরুদ্ধে খেলতে পারেননি। সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতেই বিশেষ অনুমতি নিয়েই এই ম্যাচে মাঠে নামেননি রাহুল।তবে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে খুশির খবর দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। কেএল রাহুল-আথিয়ারর পরিবারে নতুন সদস্যের আগমন হল সোমবার।
বলিউড অভিনেত্রী আথিয়া মা হয়েছেন। একটি ফুটফুটে কন্যা সন্তান তাঁর কোল আলো করে এসেছে। সোমবার সন্ধ্যার পর রাহুল এবং আথিয়ার পক্ষ থেকে যৌথভাবে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। সোমবারই তাঁদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে বলে সমাজ মাধ্যমে করা পোস্ট উল্লেখ করা হয়েছে। তবে মেয়ের নাম কী রেখেছেন সেটা এখনও প্রকাশ করেননি তারকা দম্পত্তি।

২০২৪ সালের শেষ দিকে রাহুল এবং আথিয়া ঘোষণা করেন তাঁরা ২ থেকে তিন হতে চলেছেন। তাঁদের পরিবারে নতুন সন্তানের আগমন হতে চলেছে। তখন থেকে জল্পনা তৈরি হয় কবে দুই তারকা পরিবারে নতুন সদস্যের আগমন হবে। অবশেষে সোমবার সপ্তাহের শুরুতে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন রাহুল আথিয়া।
এর আগে বলিউড অভিনেত্রী আথিয়া সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। সেখানে স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প। রাহুলের সঙ্গে আদুরে ফটোশ্যুট করেন বলিউড অভিনেত্রী। ।ছবির একটিতে আথিয়ার কোলে শুয়ে রয়েছেন কে এল রাহুল। কোনোও ছবিতে আবার একাই রয়েছেন আথিয়া। আর মিষ্টি এই ফটোশ্যুট দেখেই বোঝা গিয়েছিল সুখবর আসন্ন।
এরআগে সুনীল শেট্টির পরিবার নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনিও জানিয়ে দেন, এখন আমাদের মধ্যে শুধু হবু নাতি-নাতনিকে নিয়ে কথা হয়। এবার সুনীল শেট্টিও দাদু হলেন। ২০২৩ সালে সুনীলের খান্ডালার খামারবাড়িতে দুই জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রাহুল এবং আথিয়া এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই শুভেচ্ছার সুনামি। ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন বাবা-মা হওয়ার জন্য। এর আগে বিরাট কোহলি ও রোহিত শর্মারও প্রথম সন্তান মেয়ে হয়েছিল। বাবা হওয়ার পর কবে দিল্লি শিবিরে যোগ দেবেন রাহুল তা জানা যায়নি। আগামী ৩০ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে দিল্লি দল। তার আগেই শিবিরে যোগ দেওয়ার কথা রাহুলের।
কয়েক সপ্তাহ আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, এবার বাবা হলেন, সময়টা ভালোই যাচ্ছে রাহুলের।












Click it and Unblock the Notifications