IPL2023: নাইটদের ঘরে ফেরার ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাটই
বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন করছে নাইটরা। মঞ্চ পুরোপুরি প্রস্তুত। করোনার কালবেলা কাটিয়ে আবারও ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। ময়দান জুড়ে একটা টিকিটের জন্য হাহাকার। ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান। তাই লক্ষ্মীবারের সন্ধ্যায় কলকাতায় ক্রিকেট কিং সাইজ।
গতবার কলকাতায় আইপিএলের প্লে অফের দুটি ম্যাচ হলেও নাইটদের খেলা হয়নি। ক্রিকেটের নন্দনকানে খেলে গিয়েছিলেন বিরাট কোহলিরা। এবার আরসিবিকে খেলতে হবে ঘরের দল কেকেআরের বিরুদ্ধে। শেষ বসন্তে ক্রিকেট জ্বরে কাবু কলকাতা । হবে নাই বা কেন চার বছর পর আবারও যে কলকাতা সাক্ষী থাকতে চলেছে কেকেআরের ক্রিকেট শো -র। মাঝে আন্তর্জাতিক ম্যাচ হলেও আইপিএলের গ্ল্যামার থেকে অনেকটাই বঞ্চিত ছিল ইডেন গার্ডেন্স।

তবে জৈব সুরক্ষা বলয় থেকে মুক্তি পেয়েছে আইপিএল। তাই ক্রিকেটের স্বর্গদ্যান সেজে উঠেছে বেগুনি রঙে। গোটা ক্লাব চত্বরকে মুড়ে ফেলা হয়েছে নাইটদের ব্যানারে। ম্যাচের ৪৮ ঘন্টা আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে ইডেন গার্ডেন্স। নিরাপত্তায় যাতে কোনরকম ফাঁক না থাকে তার জন্য সতর্ক প্রশাসন।
প্রথম ম্যাচে নাইটরা হারলেও তাতে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে উন্মাদনে কোনও রকম ভাঁটা পড়েনি। টিকিটের যা হাহাকার তাতে ফুল হাউজ গ্যালারিতেই খেলা হবে বলে আশাবাদী সিএবি কর্তারা। ঘরের মাঠেই আইপিএলের প্রথম জয় পেতে মরিয়া নীতিশ রানার দল। মোহালির হার ভুলে চেনা পরিবেশে চেনা পিচে ব্যাঙ্গালোরের বধের ছক কষছে চন্দ্রকান্ত পন্ডিতের দল।

এই ম্যাচে নাইটের দলে পরিবর্তন হতে পারে। টিম সাউদির জায়গায় আসতে পারেন লুকি ফার্গুশন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের পেসার খেলতে পারেনি। তবে ইডেনে বিরাটদের বিরুদ্ধে তাকে প্রথম একাদশে রেখেই দল সাজাচ্ছে নাইট থিংক ট্যাংক। আরসিবি ম্যাচে ইডেনে স্পোর্টিং উইকেট হবে। এই মাঠে বরাবরই বড় রান উঠে, ব্যতিক্রম হবেনা বৃহস্পতিবারের ম্যাচেও।
আন্তর্জাতিক ম্যাচের পর এবার আইপিএলেও বিরাটের ব্যাট থেকে রানের ফুলঝুরি বেরোচ্ছে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় কিং কোহলির ব্যাট থেকে বড় রান দেখার প্রত্যাশা নিয়েই মাঠে যাচ্ছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। ২০১৯ সালে এই মাঠে আইপিএলের পঞ্চম শতরানটি করেছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে।

মাঝের কয়েকটা বছর কোহলির ব্যাটে দেখা যাচ্ছিল না সেই ফর্ম। কিন্তু খারাপ সময় কাটিয়ে আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন রানের রাজা। এবারের আইপিএলে প্রথম ম্যাচে চিন্নস্বামীতে মুম্বইয়ের বিরুদ্ধে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন কিং কোহলি। বৃহস্পতিবার ইডেন স্পোটিং উইকেটে একবার রানের গন্ধ পেয়ে গেলে বিরাটকে কিন্তু থামানো মুশকিল হতে পারে।












Click it and Unblock the Notifications