আইপিএলের শুরুতেই হোঁচট খেল কেকেআর, ১৪ বছর পর মহা কাণ্ড ঘটাল মুম্বই ইন্ডিয়ান্স
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ১৪ বছর পর ঘটাল এক অনবদ্য ঘটনা।
আজ ২২১ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেলায় হারাল কেকেআরকে। ৫ বল বাকি থাকতে জয় এলো ৬ উইকেটে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অজিঙ্ক রাহানে তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। অঙ্গকৃষ রঘুবংশী করেন ২৯ বলে ৫১, মেরেছেন ৬টি চার ও ২টি ছয়।
২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ফিন অ্যালেন ১৭ বলে ৩৭, ক্যামেরন গ্রিন ১০ বলে ১৮ রান করেন। রামনদীপ সিং ৪ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩৯ রান দিয়ে তিনটি ও হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩৯ রান খরচ করে একটি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ফেলে। ওপেনার রায়ান রিকেলটন ৪টি চার ও ৮টি ছয়ের সৌজন্যে ৪৩ বলে ৮১ রান করেন। রোহিত শর্মা করেন ৩৮ বলে ৭৮, ৬টি করে চার ও ছয়ের সাহায্যে। ওপেনিং জুটিতেই ওঠে ১১.৫ ওভারে ১৪৮।
তিলক বর্মা ২০, সূর্যকুমার যাদব ১৬ রান করেন। অধিনায়ক হার্দিক ১৮ ও নমন ধীর ৫ রানে অপরাজিত থেকে যান। বৈভব অরোরা ৪ ওভারে ৫২, কার্তিক ত্যাগী ৪ ওভারে ৪৩ ও সুনীল নারিন ৩ ওভারে ৩০ রান দিয়ে একটি করে উইকেট নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪৮, ব্লেসিং মুজারাবানি ৩ ওভারে ৩৪ ও অনুকুল রায় ১.১ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি। ২০১২ সালের পর এই প্রথম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতল, সবচেয়ে বড় রান সফলভাবে তাড়া করে।
ম্য়াচের পর কেকেআর অধিনায়ক রাহানে জানান, কাফ-সহ কিছু ক্র্যাম্পের সমস্যা রয়েছে। আশা করছেন তা ঠিক হয়ে যাবে। পরাজয় নিয়ে রাহানে বলেন, আমাদের বোলিং বিভাগ অনভিজ্ঞ। শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে অভিজ্ঞতা থেকে বোলাররা শিখবেন। মুম্বই ভালো ব্যাট করেছে, যা বোলারদের কাছে শিক্ষণীয়।
নিজের ব্যাটিং নিয়ে সন্তোষ প্রকাশ করে রাহানে জানান, ক্যামেরন গ্রিন খুব শীঘ্রই বোলিং শুরু করবেন। তখন দলের কম্বিনেশন কিছুটা আলাদা হবে। আমরা ব্যাটিং ভালো করলেও ফিল্ডিং এবং বোলিংয়ে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। বোলারদের মধ্যে কার্তিক ত্যাগীর প্রশংসা করলেন রাহানে। গ্রিন কেন বল করছেন না তার উত্তরে বললেন, এটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞেস করুন।












Click it and Unblock the Notifications