ঈশানের ঝোড়ো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং, টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে চূর্ণ করে সুপার এইটে ভারত
টি২০ বিশ্বকাপে ফের পাকিস্তানকে চূর্ণ করল ভারত। আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সূর্যকুমার যাদবরা জিতলেন রানে। সেই সঙ্গে সুপার এইটে ওঠাও নিশ্চিত করে ফেলল গতবারের চ্যাম্পিয়নরা।
ভারতের ৬১ রানের ব্যবধানে জয়ে বড় অবদান ঈশান কিষাণের ঝোড়ো অর্ধশতরানের। বাকি কাজটা সারলেন বোলাররা।

টস জিতে পাকিস্তান ফিল্ডিং নিয়েছিল। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। ব্যাটারদের জন্য শট খেলা সহজ ছিল না এদিনের পিচে। সেখানেই ওপেন করতে নেমে ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭৭ রান করলেন কিষাণ।
অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল খাতা খুলতে পারেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২, তিলক বর্মা ২৪ বলে ২৫, শিবম দুবে ১৭ বলে ২৭ রান করেন। রিঙ্কু সিং ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে। সাইম আয়ুব তিনটি এবং অধিনায়ক সলমন আঘা, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারিক নেন একটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে প্রথম পাওয়ারপ্লের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। ১৮ ওভারে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে। উসমান খান ৩৪ বলে সর্বাধিক ৪৪ রান করেন। পাকিস্তানের প্রথম চার ব্যাটার দুই অঙ্কের রান পাননি।
সাহিবজাদা ফারহান প্রথম ওভারের চতুর্থ বলে ০ রানে আউট হন। পাকিস্তানের প্রথম উইকেট পড়ে শূন্য রানেই। সাইম আয়ুব ৬, সলমন আঘা ৪ ও বাবর আজম ৫ রানে আউট হন। শাদাব খান ১৪, মহম্মদ নওয়াজ ৪, ফাহিম আশরফ ১০, আব্রার আহমেদ ও উসমান তারিক- দুজনেই ০ রানে আউট হন। ২৩ রানে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি।
হার্দিক পাণ্ডিয়া ১টি মেডেন-সহ ৩ ওভারে ১৬, জসপ্রীত বুমরাহ ২ ওভারে ১৭, অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৯ ও বরুণ চক্রবর্তী ৩ ওভারে ১৭ রান দিয়ে দুটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট পেলেন কুলদীপ যাদব ও তিলক বর্মা। টি২০ বিশ্বকাপের আসরে এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অষ্টম জয় ছিনিয়ে নিল ভারত। এদিনের জয়ই রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে। পয়েন্ট তালিকায় পাকিস্তান রয়েছে তিনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ ম্যাচে ও পাকিস্তানের ৩ ম্যাচে চার পয়েন্ট। ইউএসএর চেয়ে নেট রান রেটে পিছিয়ে পাকিস্তান। এই পরিস্থিতিতে সুপার এইটে যেতে হলে তাদের জিততেই হবে নামিবিয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications