লখনউ সুপার জায়ান্টসে নয়া ভূমিকায় কেন উইলিয়ামসন, গোয়েঙ্কা ফের ভাঙলেন কেকেআরের ঘরও
আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দিলেন কেন উইলিয়ামসন। তবে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটার নন, বরং স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরের ভূমিকা পালন করবেন।
জাস্টিন ল্যাঙ্গারই হেড কোচ থাকছেন। কলকাতা নাইট রাইডার্সের স্পিন পরামর্শদাতার দায়িত্ব সামলানো কার্ল ক্রো-ও যোগ দিলেন সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলে।

গোয়েঙ্কা আজ সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন। কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলিং কোচ হয়েছেন। তিনি জাহির খানের স্থলাভিষিক্ত হলেন। কেন সম্পর্কে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, "তাঁর নেতৃত্বগুণ, কৌশলগত অন্তর্দৃষ্টি, খেলার গভীর বোঝাপড়া এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা আমাদের দলে তাঁর অমূল্য সংযোজন সুনিশ্চিত করেছে।"
কেন উইলিয়ামসনের কথায়, "আমি এলএসজি-তে যোগ দিতে পেরে সত্যিই আনন্দিত। অত্যন্ত প্রতিভাবান স্কোয়াড। দারুণ একজন কোচ রয়েছেন। তাঁদের সঙ্গে কাজ করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আইপিএলের অংশ হওয়া সব সময়ই বিশেষ একটি ব্যাপার।"
উইলিয়ামসন দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ SA20-তে ডারবান দলের হয়ে সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। গত মার্চে নিউজিল্যান্ডের হয়ে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেন। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক বেছে নেওয়ার কারণে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে উপস্থিতি অনিয়মিত হতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজ তিনি খেলবেন না। তবে এরপরের ওয়ান ডে সিরিজে খেলবেন বলে জানা গিয়েছে। আইপিএলে ২০২৩ সালে গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময় তিনি প্রথ ম্যাচেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান। ২০২৪ সালে দুটি ম্যাচ খেলেছিলেন। চলতি বছরের আইপিএলের আগে দল পাননি।
সম্প্রতি, তিনি ইংল্যান্ডে 'দ্য হান্ড্রেড'-এ খেলেছেন, যেখানে লন্ডন স্পিরিট-এর হয়ে আট ইনিংসে ১২৯.৯৩ স্ট্রাইক রেটে ২০৪ রান করেন। তাঁর দল আটটি দলের মধ্যে সপ্তম স্থানে থেকে শেষ করে।
উইলিয়ামসনের কোনও দলের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নেই। তিনি ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন, দল ফাইনালে হেরে যায়। নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করেন।
জানা যাচ্ছে, ডারবান সুপার জায়ান্টস উইলিয়ামসনকে ধরে রাখেনি। এরপর ফ্র্যাঞ্চাইজি এলএসজি-র নতুন কোচিং স্টাফে যোগদানের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছিল।
এদিকে, গত জুলাই মাসে ভরত অরুণকে নেয় লখনউ। কেকেআর শিবির থেকে এবার ভরতের মতো কার্ল ক্রো যোগ দিলেন লখনউ সুপার জায়ান্টসে। সহকারী কোচ ল্যান্স ক্লুজনার এবং বিজয় দাহিয়া দলের সঙ্গে থাকবেন কিনা তা স্পষ্ট করেনি এলএসজি।












Click it and Unblock the Notifications