Ind-W vs SA-W: টি২০ সিরিজের প্রথমেই হোঁচট খেল হরমনপ্রীতের ভারত, দুরন্ত জয় দক্ষিণ আফ্রিকার
Ind-W vs SA-W: মহিলাদের টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুতেই হোঁচট খেল ভারত। আজ চেন্নাইয়ে প্রোটিয়াদের প্রমিলা বাহিনী হরমনপ্রীত কৌরদের হারালেন ১২ রানে।
তিন ম্যাচের সিরিজ জিততে হলে বাকি ২টি ম্যাচেই জিততে হবে ভারতকে। জেমাইমা রডরিগেজের লড়াকু অপরাজিত অর্ধশতরান আজ বিফলেই গেল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ১৮৯ রান। তাজমিন ব্রিটস ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৮১ রান করেন। ৩৩ বলে ৫৭ রান করেন মারিজান কাপ। অধিনায়ক লরা উলভার্ট ২২ বলে ৩৩ করেন। পূজা বস্ত্রকার ও রাধা যাদব ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৭ রানের বেশি যেতে পারেনি। জেমাইমা রডরিগেজ সাতটি চার ও একটি ছয়ের দৌলতে পাঁচে নেমে ৩০ বপে ৫৩ রানে অপরাজিত থাকেন। হরমনপ্রীত কৌর ২৯ বলে ৩৫ রান করেন। শেফালি ভার্মা ১৪ বলে ১৮, স্মৃতি মান্ধানা ৩০ বলে ৪৬, দয়ালান হেমলতা ১৭ বলে ১৪ রান করেন। আয়াবোঙ্গা খাকা, ক্লোয় ট্রায়ন, নাদিল ডি ক্লার্ক ও ননকুলুলেকো ম্লাবা ১টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচের শেষে হরমনপ্রীত বলেন, আমরা ভালো খেলতে পারিনি। অনেকগুলি ক্যাচ পড়েছে, যার জেরে প্রতিপক্ষের খাতায় ২০ রান যোগ হয়েছে। ব্যাটিংয়ের সময় মাঝের ওভারে অনেকগুলি ডট বলকেও হারের কারণ হিসেবে তুলে ধরেন হরমনপ্রীত।
পাশাপাশি ভারত অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের প্রশংসা করেছেন। রান পেতে যে ভালোরকম কষ্ট করতে হয়েছে সে কথাও উল্লেখ করেন হরমনপ্রীত। তাঁর কথায়, যেভাবে শুরু হয়েছিল তাতে মনে হয়েছিল জেতা সম্ভব। কিন্তু ডট বল সমস্যা তৈরি করল। বোলিংয়ের সময় ব্যাটাররা কেমন খেলছেন তা দেখে ফিল্ডিং সাজিয়ে সেই অনুযায়ী বোলিং করার আহ্বান জানান বোলারদের।
ভারতে চলতি সফরে এদিনই প্রথম জয়ের মুখ দেখল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওডিআই সিরিজ ও একমাত্র টেস্ট ভারত জিতেছিল। তবে এবার হরমনপ্রীতদের লড়াই টি২০ সিরিজ বাঁচানোর। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে রবিবার।












Click it and Unblock the Notifications