Ranji Trophy: একাই নিলেন ৯ উইকেট, বঙ্গ ব্যাটিংয়ে ধস নামিয়ে রেকর্ড বইয়ে নাম তুললেন কেরলের জলজ
কেরলে ঘরের মাঠে বল হাতে জ্বলে উঠলেন জলজ সাক্সেনা। একাই নিলেন ৯ উইকেট। সেইসঙ্গে বাংলার নক আউটের স্বপ্নকে কার্যত ধুলিস্যাত করে দিলেন। ৯ উইকেট নিয়ে রঞ্জির ট্রফির রেকর্ড বুকে নিজের নাম তুলে রাখলেন কেরলের এই স্পিনার।
জলজ সাক্সেনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলার ব্যাটারেরা। ৬৮ রানে ৯ উইকেট নিলেন অভিজ্ঞ বোলার। শনিবার ৭ উইকেট নিয়ে বাংলার ইনিংসে ধস নামিয়ে ছিলেন জলজ। রবিবার বাংলার শেষ দু'টি উইকেটও তুলে নিলেন ৩৭ বছরের অলরাউন্ডার। এরআগে কেরলের রঞ্জি ট্রফিতে সেরা বোলিং করেছেন অমরজিত সিং। ১৯৭১-৭২ সালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৪৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন। এরপরই থাকবে জলজের বোলিং।

সর্বোপরি রঞ্জি ট্রফিতে বোলিং রেকর্ডের নিরিখে জলজ রয়েছেন চার নম্বরে। রঞ্জিতে সেরা বোলিং রয়েছে মুম্বইয়ের অঙ্কিত চাভানের। ২০১২ সালে ২৩ রানে নিয়েছিলেন ৯ উইকেট। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই রেকর্ড গড়েছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আশিস জিলাদি।১৯৯৯ সালে উত্তর প্রদেশের হয়ে এই বোলার বিদর্ভের বিরুদ্ধে ৪৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেঘালয়ের সঞ্জয় যাদব। ২০১৯ সালে নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন। এরপর নাম যুক্ত হল জলজ সাক্সেনার। বাংলার বিরুদ্ধে ২১.১ ওভার বল করে ৬৮ রান খরচ করে ৯ উইকেট নিয়েছেন। এরমধ্যে রয়েছে তিনটি মেডেন ওভার। ইকোনমি রেট ৩.২১।
অভিমন্যু ঈশ্বরন ছাড়া বাংলার কোনও ব্যাটার রান করতে পারেননি। ভারত 'এ' দলকে নেতৃত্ব দিয়ে বাংলার হয়ে এই ম্যাচেই খেলতে নেমেছেন ঈশ্বরন। ওপেন করতে নেমে তিনি করেন ৭২ রান। শনিবার খেলা শেষ হওয়ার সময় বাংলার রান ছিল ৮ উইকেটে ১৭২। শনিবারই সাত উইকেট নিয়েছিলেন। রবিবার সকালে নিলেন আরও দুটি উইকেট।
প্রথম ইনিংসে জলজের বলে বাংলার রঞ্জিতে নক আউটে যাওয়ার আশা কার্যত বিলীন হয়ে গেল। পিচে কেরলের ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান আট উইকেটে ১৭২। জলজের ৯ উইকেটের পাশে একটি উইকেট নেন এমডি নিদ্দেস।
শনিবারই রঞ্জি ট্রফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন, ''পরের বার থেকে রঞ্জি ট্রফি বন্ধ করে দেওয়া হোক। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঠিক মতো পরিচালনাই করা হচ্ছে না।''












Click it and Unblock the Notifications