IPL Statistics: জুটিতে লুটি! আইপিএলে উইকেটের নিরিখে সর্বাধিক রানের খতিয়ান, শীর্ষে কারা?
IPL Statistics: আইপিএলে দুই শতাধিক রানের পার্টনারশিপ হয়েছে ৬ বার। তার মধ্যে অবিচ্ছেদ্য জুটিতে দুশোর বেশি রান উঠেছে ৩ বার।
ওপেনিং জুটিতে দুই শতাধিক রানের পার্টনারশিপ হয়েছে ২ বার। দ্বিতীয় উইকেট জুটির নিরিখে তা হয়েছে ৪ বার।

ওপেনিং জুটিতে দুবারই উঠেছে ২১০ রান। ২০২২ সালের আইপিএলে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক ২১০ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন।
লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ২১০ তুলে জিতেছিল ২ রানে। সেই ম্যাচে ডি কক ৭০ বলে ১৪০ ও তৎকালীন অধিনায়ক রাহুল ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন। গত বছর আমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স তোলে ৩ উইকেটে ২৩১। শুভমান গিল ও বি সাই সুদর্শন ওপেনিং জুটিতে ২১০ রান তোলেন।
সুদর্শন আউট হন ৫১ বলে ১০৩ রান করে। আর ১ রান করলেই ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড শুভমান ও সুদর্শন জুটির হাতেই এককভাবে থাকতো। ওই ম্যাচে গিল করেছিলেন ৫৫ বলে ১০৪। তিনি আউট হন দলের ২১৩ রানের মাথায়।
দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি এবি ডিভিলিয়ার্সকে নিয়ে ২ বার ও ক্রিস গেইলকে নিয়ে ১ বার দুই শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আইপিএলে ওঠা সর্বাধিক রান ২২৯। ২০১৬ সালে বেঙ্গালুরুতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে বিরাট-এবিডি জুটিতে এই রান উঠেছিল। যে কোনও উইকেট জুটিতেই এটি সর্বাধিক রান।
তৃতীয় উইকেট জুটিতে সর্বাধিক রান ১৬৫। ২০২২ সালে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের হয়ে রবিন উথাপ্পা ও শিবম দুবে আরসিবির বিরুদ্ধে এই রান তুলেছিলেন।
চতুর্থ উইকেট জুটিতে আইপিএলে সর্বাধিক রান ১৪৪। আরসিবির শিমরন হেটমায়ার ও গুরকিরত সিং ২০১৯ সালে বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই রান যোগ করেন।
পঞ্চম উইকেট জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ১৩৪। ২০১৬ সালে ইডেনে কেকেআরের শাকিব আল হাসান ও ইউসুফ পাঠানের অবিচ্ছেদ্য জুটিতে এই রান ওঠে।
ষষ্ঠ উইকেট জুটিতে সর্বাধিক রান ১২২। ২০১২ সালের আইপিএলে বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অবিচ্ছেদ্য জুটিতে এই রান যোগ করেন অম্বাতি রায়ডু ও কায়রন পোলার্ড।
আইপিএলে সপ্তম উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন জগদীশা সুচিথ ও হরভজন সিং। ২০১৫ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।
অষ্টম উইকেট জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ৭৩। গত বছর লখনউয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অবিচ্ছেদ্য জুটিতে আয়ুষ বাদোনি ও আরশাদ খান এই রান তুলেছিলেন।
নবম উইকেট জুটিতে আইপিএলে সবচেয়ে বেশি ৮৮ রান উঠেছে। ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের রশিদ খান ও আলজারি জোসেফের অবিচ্ছেদ্য জুটিতে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই রান উঠেছিল। ২০২৩ সালের আইপিএলেই দশম উইকেটে সর্বাধিক রানের রেকর্ড দখলে নেন মোহিত রাঠী ও শিখর ধাওয়ান। হায়দরাবাদে পাঞ্জাব কিংসের এই দুই ব্য়াটারের জুটি ভাঙতে পারেনি সানরাইজার্স। অবিচ্ছেদ্য জুটিতে ওঠে ৫৫ রান। ৮৮ রানে নয় উইকেট পড়েছিল পাঞ্জাবের। সেখান থেকে তোলে ১৪৩ রান। যদিও জিততে পারেনি সানরাইজার্স।












Click it and Unblock the Notifications