IPL Auction 2024: আইপিএলে নেই স্টোকস, নিলামে চমক অ্যান্ডারসন! সর্বাধিক বেস প্রাইস কোন তারকাদের?
IPL Auction 2024: আইপিএল নিলামের আগে ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে বিভিন্ন দল। সব দল ২৫ জন করে ক্রিকেটার নিলে আইপিএল নিলামে ভাগ্য খুলবে ২০৪ জনের।
যদিও নিলামে সব দল পুরো কোটা পূরণ করে না। আজ বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএলের নিলামের জন্য নাম লিখিয়েছেন ১,৫৭৪ জন ক্রিকেটার।

যদিও প্রত্যাশিতভাবেই সেই তালিকায় বেন স্টোকসের নাম নেই। ঋষভ পন্থ, লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার চলতি বছরের আইপিএলে নেতৃত্ব দিয়েছেন। তবে তাঁরা নতুন দলের সন্ধানে। এই সব ক্রিকেটারই রয়েছেন ২ কোটি টাকার সর্বাধিক বেস প্রাইসের ক্যাটাগরিতে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সঙ্গেই ২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, খলিল আহমেদ, দীপক চাহার, বেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, ঈশান কিষাণ, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজনের।
২ কোটি টাকা বেস প্রাইস নিয়ে নিলামে ভাগ্য পরীক্ষা করাবেন দেবদত্ত পাড়িক্কল, ক্রুণাল পাণ্ডিয়া, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। পৃথ্বী শ ও সরফরাজ খান নাম নথিবদ্ধ করিয়েছেন ৭৫ লক্ষ টাকার বেস প্রাইস ক্যাটাগরিতে।
ওয়ার্কলোড ও ফিটনেসের কারণে চলতি বছরের আইপিএলেও খেলেননি বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে ৫টি টেস্ট ও অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজের কথা ভেবেই স্টোকস আইপিএল নিলামে নাম লেখাবেন বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম, সেটাই হলো।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। সাড়ে ২৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার আর ধরে রাখেনি। ২ কোটি টাকার বেস প্রাইস নিয়ে নিলামের দিকে তাকিয়ে থাকবেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।
জোফ্রা আর্চার ২০২৩ সালে আইপিএলে ৫টি ম্যাচ খেলেছিলেন। চলতি বছর আইপিএল খেলেননি। আর্চারের নাম রয়েছে নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসের ক্যাটাগরিতে। জেমস অ্যান্ডারসন ২০১৪ থেকে টি২০ খেলেননি। আইপিএলেও খেলেননি। তবে তিনি আইপিএল খেলতে চেয়ে নাম লিখিয়েছেন ১.২৫ কোটি টাকার বেস প্রাইসে।
অ্যান্ডারসন চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইংল্যান্ড দলের সঙ্গে বোলিং কোচ হিসেবে রয়েছেন। ইতালির থমাস ড্রাকা গ্লোবাল টি২০ কানাডায় খেলেন ব্রাম্পটনের হয়ে। তিবি আইএলটি২০-তে এমআই এমিরেটসে খেলেছেন। ইতালির একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি আইপিএল নিলামে নাম লিখিয়েছেন।












Click it and Unblock the Notifications