IPL Auction 2024: ভারতের হয়ে খেলা ক্রিকেটাররা নিলামে 'আনক্যাপড'! ধোনি, সন্দীপের কীর্তি স্পর্শ করবেন কারা?
IPL Auction 2024: আইপিএলের নিলামে এবার বিসিসিআই একটি নয়া নিয়ম চালু করেছে। তা হলো, ভারতের আন্তর্জাতিক ক্রিকেটাররাও খেলতে পারবেন আনক্যাপড হিসেবে।
মহেন্দ্র সিং ধোনি ও সন্দীপ শর্মাকে এই নিয়মেই ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এমন প্লেয়ারের নাম রয়েছে নিলামের জন্য চূড়ান্ত ৫৭৪ জনের তালিকাতেও।

ভারতের হয়ে খেলা ক্রিকেটারদের আনক্যাপড হিসেবে গণ্য করার নিয়মে বলা আছে, সংশ্লিষ্ট ক্রিকেটারকে ৫ বছর আগে অবসর নিতে হবে। কিংবা বিগত ৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের কোনও একাদশেই ছিলেন না বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও নাম ছিল না, এমনটা হলেই আনক্যাপড হিসেবে ধরা যাবে ক্রিকেটারদের।
মহেন্দ্র সিং অবসর নেন ২০২০ সালে। তবে তিনি শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালে। ফলে ধোনিকে ৪ কোটি টাকায় ধরে রাখে সিএসকে। রাজস্থান রয়্যালস একই নিয়মে ধরে রেখেছে সন্দীপ শর্মাকে, যিনি ভারতের হয়ে শেষ খেলেছেন ২০১৫ সালে।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতের সাত ক্রিকেটারের নাম রয়েছে অকশনের ফাইনাল লিস্টে। করুণ নায়ার দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৭ সালে, তিনি ৬টি টেস্ট ও ২টি ওডিআই খেলেছেন। আনক্যাপড ব্যাটার হিসেবে তাঁর বেস প্রাইস এবারের নিলামে ৩০ লক্ষ টাকা।
বিজয় শঙ্কর ভারতের হয়ে ১২টি ওডিআই ও ৯টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। দেশের হয়ে শেষবার খেলেন ২০১৯ সালে। তিনি রয়েছেন ৩০ লক্ষ টাকার ব্র্যাকেটে, আনক্যাপড অলরাউন্ডার হিসেবে।
আনক্যাপড বোলার হিসেবে আছেন মোহিত শর্মা। ভারতের হয়ে শেষবার খেলেছেন ২০১৫ সালে। তিনি ২৬টি ওডিআই ও ৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।
পীযূষ চাওলা ভারতের হয়ে ৩টি টেস্ট, ২৫টি ওডিআই ও ৭টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। চাওলা ২০১২ সালের পর ভারতের হয়ে আর খেলরা সুযোগ পাননি। তিনি আনক্যাপড বোলার হিসেবে রয়েছেন এবারের আইপিএল নিলামের তালিকায়।
২০১৯ সালে ভারতের হয়ে একটি টি২০ আন্তর্জাতিক খেলা ময়াঙ্ক মার্কণ্ডে আনক্যাপড বোলার হিসেবে রয়েছেন ৩০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে। ২০১৪ সালের পর ভারতীয় দলে জায়গা পাননি কর্ণ শর্মা। তিনি ১টি করে টেস্ট ও টি২০ আন্তর্জাতিকের পাশাপাশি ২টি ওডিআই খেলেছেন। আইপিএল নিলামে তিনি ৫০ লক্ষ টাকার রিজার্ভ প্রাইস নিয়ে রয়েছেন আনক্যাপড বোলারদের তালিকায়।
ভারতের হয়ে তিনটি ওডিআই ও ১টি টি২০ আন্তর্জাতিক খেলা ঋষি ধাওয়ান ভারতীয় দলে সুযোগ পাননি ২০১৬ সালের পর। ৩০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে তিনি আনক্যাপড অলরাউন্ডার হিসেবে ভাগ্য পরীক্ষা করাবেন আইপিএল নিলামে।












Click it and Unblock the Notifications