IPL Auction 2024: ১৩ বছর পর আইপিএল নিলামে বিরাট কাণ্ড! দরের নিরিখে প্রথম ৫-সহ সেরা ২০-তে ১১ ভারতীয়
IPL Auction 2024: আইপিএল নিলামের ইতিহাসে সর্বকালীন সেরা দর পেয়েছেন ঋষভ পন্থ। তাঁর পরেই রয়েছেন শ্রেয়স আইয়ার। তিনে বেঙ্কটেশ আইয়ার।
তবে ১৩ বছর পর এক দারুণ কাণ্ড ঘটল আইপিএল নিলামে। এবার সর্বাধিক দর পাওয়া ক্রিকেটারদের তালিকার প্রথম পাঁচেই রয়েছেন ভারতীয়রা।

২০১১ সালের আইপিএল নিলামের শেষে ভারতীয়রা দখল করেছিলেন প্রথম ৭টি জায়গা। এবার সেই সাতটি না হলেও পাঁচের নজির ছুঁতে পারা গেল। ২০২২ সালে যে মেগা নিলাম হয়েছিল তাতে সর্বাধিক দর পাওয়া ক্রিকেটারদের তালিকার প্রথম তিনটি জায়গা ছিল ভারতীয়দের দখলে।
আইপিএল নিলামে দামী ক্রিকেটারদের লিস্টের প্রথম ২০-তে থাকা ১৯ জনেরই বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। জিতেশ শর্মারই ছিল শুধু ১ কোটি টাকা। ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তাঁর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করাটা স্রেফ সময়ের অপেক্ষা।
পন্থের এই দর ওঠার আগে শ্রেয়স আইয়ারকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়ে নেয় পাঞ্জাব কিংস। বেঙ্কটেশ আইয়ারের দর যেভাবে বাড়ছিল তাতে একটা সময় মনে হচ্ছিল তিনি বুঝি শ্রেয়স বা পন্থকেও ছাড়িয়ে যাবেন! অবশ্য তা হয়নি। আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে কেকেআর।
পাঞ্জাব কিংস অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহালকে নিয়েছে। দুজনের জন্যই তাঁরা খরচ করেছে ১৮ কোটি টাকা। এবারের আইপিএল নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হয়েছে ৮টি। তার মধ্যে একটি অর্শদীপের জন্য। যুজবেন্দ্র চাহালের দর উঠেছে স্পিনারদের মধ্যে সর্বাধিক।
১৪ কোটি টাকায় লোকেশ রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। রাহুলকে অধিনায়ক করা হবে কিনা তা স্পষ্ট হবে আগামী দিনেই। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় মহম্মদ সিরাজকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। ঈশান কিষাণ এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। তাঁর দর উঠল ১১ কোটি ২৫ লক্ষ টাকা।
দীনেশ কার্তিকের অবসরের পর উইকেটকিপার-ব্যাটারের সন্ধানে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা জিতেশ শর্মাকে নিল ১১ কোটি টাকা খরচ করে। ১০ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে টি নটরাজনকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ভুবনেশ্বর কুমারকে নিয়েছে আরসিবি।
ফলে আইপিএল নিলামে দরের নিরিখে ভারতীয় ক্রিকেটারদের সেরা ১১ ক্রমান্বয়ে সাজালে হয়: ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, ঈশান কিষাণ, জিতেশ শর্মা, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার।












Click it and Unblock the Notifications