আইপিএল ২০২৬ মিনি নিলামে চূড়ান্ত ৩৫০ জনের নাম, রয়েছে একাধিক চমক
আইপিএল ২০২৬-এর জন্য খেলোয়াড় নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই মিনি-নিলামে ৩৫০ জন খেলোয়াড় অংশ নেবেন, যার মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ৭৭টি খালি স্লটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। সংযুক্ত আরব আমিরশাহীর সময় দুপুর ১টা থেকে এই নিলাম প্রক্রিয়া শুরু হবে।
এদিন মঙ্গলবার আইপিএল কর্তৃপক্ষ আসন্ন মিনি-নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ১৩৯০ জন রেজিস্ট্রেশন করলেও, তাদের মধ্যে থেকে ৩৫০ জন খেলোয়াড় সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি রয়েছেন।

সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, এবং এই শ্রেণিতে ৪০ জন খেলোয়াড় নথিভুক্ত হয়েছেন। উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, মাথিশা পাথিরানা, ডেভিড মিলার, রাচিন রবীন্দ্র এবং স্টিভ স্মিথের মতো তারকারা। এছাড়াও, ১.৫ কোটি টাকা শ্রেণিতে ৯ জন এবং ১.২৫ কোটি টাকার শ্রেণিতে মাত্র ৪ জন খেলোয়াড় রয়েছেন।
১ কোটি টাকা বেস প্রাইসে ১৭ জন খেলোয়াড় আছেন, এরপর ৪২ জন ৭৫ লক্ষ টাকা এবং ৪ জন ৫০ লক্ষ টাকা শ্রেণিতে। ৭ জন খেলোয়াড়কে ৪০ লক্ষ টাকা বেস প্রাইসে দেখা যাবে। সবচেয়ে বেশি, ২২৭ জন, ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই তালিকার অধিকাংশই আনক্যাপড খেলোয়াড়।
মোট ৭৭টি স্লটের মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত। নিলামটি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীর সময় দুপুর ১টায়, যা ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে। ফ্র্যাঞ্চাইজি পার্সের দিক থেকে কলকাতা নাইট রাইডার্স শীর্ষে রয়েছে, তাদের হাতে খরচ করার জন্য রয়েছে ৬৪.৩ কোটি টাকা রয়েছে। এরপর আছে চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি টাকা) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (২৫.৫ কোটি টাকা)।
এই মিনি-নিলামের আগে গত মাসে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭১ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, যার মধ্যে ৩২ জন বিদেশি। আন্দ্রে রাসেল এবং মাথিশা পাথিরানাও ছিলেন সেই সমস্ত খেলোয়াড়দের মধ্যে, যাদের ধরে রাখা হয়নি। পরবর্তীতে রাসেল আইপিএল থেকে খেলার অবসরের ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে যোগ দিয়েছেন।
মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এই নিলামে সর্বোচ্চ মূল্য পেতে পারেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে প্রাথমিকভাবে বাদ দেওয়া হলেও, একটি ফ্র্যাঞ্চাইজির অনুরোধে তাকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications