IPL 2025: জাহির খান যোগ দিতে পারেন লখনউ সুপার জায়ান্টসে, সঞ্জীব গোয়েঙ্কার দলের তরফে গেল বিরাট প্রস্তাব
IPL 2025: জাহির খান কি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন? আপাতত এই জল্পনা তুঙ্গে। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, জাহিরকে বড় ভূমিকা পালন করতে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসে।
জাহির খানের নাম নিয়ে চর্চা ছিল ভারতীয় দলের বোলিং কোচ চূড়ান্ত করার আগে। যদিও ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বেছে নিয়েছেন মর্নি মরকেলকে।

লখনউ সুপার জায়ান্টসকে এর ফলে বোলিং কোচও খুঁজতে হবে। কেন না, গৌতম গম্ভীর গত বছর লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হলেও মরকেল ছিলেন এলএসজিতেই। এবার তিনি ছাড়ায় মেন্টরের পাশাপাশি বোলিং কোচও দরকার সঞ্জীব গোয়েঙ্কার দলের।
সূত্র মারফত জানা যাচ্ছে, জাহিরের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে লখনউ সুপার জায়ান্টস কর্তাদের। সবকিছু ঠিকঠাক চললে গম্ভীর যে ভূমিকা পালন করতেন, তেমন ভূমিকাই পালন করবেন জাহির। পাশাপাশি তিনি গাইড করবেন লখনউ সুপার জায়ান্টসের বোলারদের।
দল গঠনেও জাহিরের মতামতকে প্রাধান্য দেওয়া হতে পারে বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ। জাহির যখন খেলতেন, তখনও তিনি তরুণ বোলারদের গাইড করতেন ভারতীয় দলে। উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টসে হেড কোচ রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।
এ ছা়ড়াও বিভিন্ন বিভাগের কোচ হিসেবে রয়েছেন অ্যাডাম ভোজেস, লান্স ক্লুজনার, জন্টি রোডসরা। তবে কোচিং স্টাফেও রদবদলের পথে হাঁটতে পারেন লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। জাহিরকে আইপিএলে বোলিং কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে। এমনকী তাঁকে ২০২২ সালে ক্রিকেট ডেভেলপমেন্টের গ্লোবাল হেড করা হয়।
জাহির ভারতের হয়ে ৯২টি টেস্ট, ২০০টি একদিনের আন্তর্জাতিক ও ১৭টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৭ সালে তিনি শেষবার আইপিএল খেলেন।
এদিকে, চলতি মাসের শেষেই রিটেনশনের নিয়ম প্রকাশ করতে পারে বিসিসিআই। ক্রিকবাজের দাবি, প্রতিটি দল ৬ জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে রাইট টু ম্যাচ অপশন-সহ। বিসিসিআই আপাতত মেগা নিলাম বাতিলের পথেও হাঁটছে না।












Click it and Unblock the Notifications