IPL 2025: আইপিএলের পর কোচিং করাতে চান ভারতীয় দলেও! কলকাতায় এসে মনের কথা বলে দিলেন জাহির খান
২০১১ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য জাহির খান বর্তমানে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর । অতীতে এই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি বর্তমানে ভারতীয় দলের হেড কোচ। আগামী দিনে আইপিএল ফ্র্যাঞ্চাইজির পর জাতীয় দলের কোচিংয়েও একটি দেখা যাবে জাহির খানকে?
কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতাতে এসেছে লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার ম্যাচের আগে সোমবার বণিক সভার একটি অনুষ্ঠানে যোগ দেন জাহির খান। আগামী দিনে ভারতীয় দলের কোচিং করার তার ইচ্ছা রয়েছে কিনা এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জাহির খান কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন অবশ্যই তাঁর ভারতীয় দলেও কোচিং করার ইচ্ছা রয়েছে। তাঁর কথায়, আমি অত্যন্ত সম্মানিত হব ভারতীয় দলের কোচ হতে পারলে।

বর্তমানে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে যুক্ত রয়েছেন মর্নি মরকেল তবে তাঁর পারফরম্যান্স খুব ভালো সেটা বলা যাবে না। শোনা যাচ্ছে ভারতীয় দলের কোচিং স্টাফদের মধ্যে কয়েকজনকে বদল করা হতে পারে। বরাবরই ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে দেশীয়দের নামই প্রাধান্য পেয়েছে। ফলে আগামী দিনে ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানকে গম্ভীরের কোচিং টিমে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
৪৬ বছর বয়সী জাহির খান দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলেছেন তাঁর অভিজ্ঞতার ভান্ডারও প্রচুর। এবার আইপিএলের মঞ্চ কোচিং স্টাফ হিসাবে যুক্ত হয়েছেন লখনউ সুপার জায়ান্টসের দলের হয়ে। চলতি আইপিএলে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস দল। প্রথম দিকে ময়াঙ্ক যাদব, আকাশদীপ সহ বেশ কয়েকজন বোলারকে পাইনি লখনউ সুপার জায়ান্টসের দল। এমনকি চোটের জন্য শুরুতেই ছিটকে গিয়েছেন মহসিন খান।
প্রথম দলের পেসাররা না থাকলেও আইপিএলে ভালো বোলিং করেছে লখনউ সুপার জায়ান্টস দল। আর এখানেই রয়েছে জাহির খানের কৃতিত্ব। এই প্রসঙ্গে জাহির খান বলেছেন, আমরা যখন নিলামে দল গঠন করেছিলাম তখন এমন ভাবে দল গঠন করেছিলাম যাতে ২৪ জন ক্রিকেটারই খেলার জায়গায় থাকে। ফলে প্রথমদিকে আকাশদীপ বা ময়াঙ্ক না খেলতে পারলেও আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমাদের হাতে বিকল্প বোলা ছিল। আইপিএলের মঞ্চকে ব্যবহার করে অনেক নতুন প্রতিভা যে উঠে আসছে সেই কথাও উল্লেখ করেন জাহির খান।
একইসঙ্গে এই অনুষ্ঠানে জাহির খানের সঙ্গে উপস্থিত ছিলেন লখনউ সুপার জায়ান্টস দলের ক্রিকেটার নিকোলাস পুরাণ। তিনি আবার গান গেয়ে মঞ্চ মাতিয়ে দিলেন। ২২ গজের বিধ্বংসী ব্যাটিং করার পাশাপাশি গানেও যে তিনি কম যান না সেটা কলকাতায় এসে প্রমাণ করে দিলেন নিকোলাস পুরাণ।












Click it and Unblock the Notifications