IPL 2025: প্রথম বলে সবচেয়ে বেশিবার ছক্কা! যশস্বী আইপিএলে গড়লেন অনন্য নজির, পিছিয়ে বিরাট-সহ আর কারা?
IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ঈর্ষণীয় নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। গতকালের ম্যাচে বেঙ্গালুরুতে রাজস্থান রয়্যালস হেরে গিয়েছে আরসিবির কাছে।
রাজস্থান রয়্য়ালসের হয়ে ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল যে কাণ্ড ঘটালেন তা আগে কেউ পারেননি। এই নিয়ে তিনবার ইনিংসের শুরুই করলেন ছক্কা হাঁকিয়ে।

গতকাল ২০৬ রানের টার্গেট তাড়া করছিল রাজস্থান রয়্যালস। ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। যশস্বী করেন ১৯ বলে ৪৯, সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। এর আগে, আরও ২ বার তিনি ইনিংসের সূচনা করেছিলেন ওভার বাউন্ডারি দিয়ে।
Woke up and said Pehla ball, JaisBall 🔥 pic.twitter.com/pg4w29Jl2G
— Rajasthan Royals (@rajasthanroyals) April 24, 2025
যশস্বী-সহ মোট ৮ জন ক্রিকেটার আইপিএলের কোনও ম্যাচে ইনিংসের শুরুর বলেই ছয় মেরেছেন। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের নমন ওঝা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম এই নজির গড়েন। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য প্রথম বলে ছয় মারেন।
২০১৯ সালে রাজস্থান রয়্যালস ম্য়াচে আরসিবির বিরাট কোহলি প্রথম বলে ছয় মেরেছিলেন। গত বছর ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে কেকেআর ইনিংসের প্রথম বলে ছয় মেরেছিলেন ফিল সল্ট।
২০১১ সালে ময়াঙ্ক আগরওয়ালও প্রথম বলে ছয় হাঁকিয়ে এলিট লিস্টে নাম তুলেছিলেন। তালিকায় নাম রয়েছে রবিন উথাপ্পারও। আইপিএলের ম্যাচে প্রথম বলে ছয় মারানো ব্যাটারদের তালিকায় রয়েছেন সুনীল নারিনও।
আইপিএলের ম্যাচে কোনও ইনিংসের প্রথম বলে ছয় যে ৮ জন ব্যাটার মেরেছেন তাঁদের মধ্যে একমাত্র যশস্বীই তিনবার সেই কীর্তি গড়লেন। বাকিরা প্রত্যেকেই মেরেছেন ১ বার করে।












Click it and Unblock the Notifications