Virat Kohli: বিরাট যোগ দিলেন আরসিবি দলের সঙ্গে, টি২০ আন্তর্জাতিক অবসর ভাঙার ইঙ্গিতও কোহলির
Virat Kohli: বিরাট কোহলি আর সুনীল ছেত্রী ঘনিষ্ঠ বন্ধু। এবার কি তাহলে সুনীল ছেত্রীর মতোই অবসর ভাঙার পথে বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে গত বছর অবসর নেন কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা নিয়েছেন কোহলি। এবার বিরাট এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিলেন, টি২০ আন্তর্জাতিক অবসর ভাঙতে কোনও অসুবিধা নেই তাঁর।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচ ইডেনে। ২২ মার্চ। তার আগে সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে আরসিবি আনবক্স ইভেন্ট। যেখানে নয়া জার্সিতে গোটা দলকে হাজির করানোর চল রয়েছে। এবার আরসিবি নামবে রজত পাটীদারের নেতৃত্বে।
This Man and the Aura. 😮💨🤌 pic.twitter.com/TkBv879DQs
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 15, 2025
তবে দলের প্রধান মুখ কোহলিই। নয়া লুক নিয়ে তিনি আরসিবি শিবিরে যোগ দিয়েছেন। কিং কোহলির গ্র্যান্ড এন্ট্রির ছবি, ভিডিও শেয়ার করা হয়েছে আরসিবির সোশ্যাল মিডিয়ায়। ২০০৮ থেকে আরসিবিতে থাকলেও আজও আইপিএল ট্রফি ছুঁতে পারেননি বিরাট। বিরাটের জার্সি নম্বর ১৮, আইপিএলের অষ্টাদশ সংস্করণ। এর সঙ্গে যোগসূত্র স্থাপন করে আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক্ষায় ভক্তরা।
তবে তাঁদের কাছে আরও বড় আশার খবর হতে পারে বিরাট যদি টি২০ আন্তর্জাতিকের অবসর ভাঙেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কোহলিকে একটি প্রশ্ন করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ঈশা গুহ।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। এর নেপথ্যে আইপিএলের ভূমিকার কথা ব্যাখ্যা করতে গিয়ে কোহলি বলেন, সারা বিশ্বে প্রচুর টি২০ লিগ হচ্ছে। আমার ধারণা অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করার ক্ষেত্রে আইপিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অলিম্পিক্সে অংশগ্রহণ যে ক্রিকেটারদের কাছে বড় বিষয় হতে চলেছে সেটাও উল্লেখ করেন কোহলি।
এরপরই ঈশা জানতে চান, বিরাট টি২০ আন্তর্জাতিকের অবসর ভাঙতে চান কিনা। বিরাট জবাব দেন, না। তবে অলিম্পিক্সের জন্য হলে ভাঙতেও পারেন। বিরাট হেসে বলেন, যদি আমরা সোনা জয়ের ম্যাচ খেলার জায়গায় পৌঁছই, তবে ওই একটি ম্যাচের জন্য অবসর ভাঙতে পারি। সোনা জিতে দেশে ফেরা দারুণ ব্যাপার হবে। অলিম্পিক্স চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অনবদ্য, এমন অভিজ্ঞতা হলে তা প্রথম অনুভব করতে পারব।
অবসর নেওয়ার পর কী করবেন তাও জানান কোহলি। এক সতীর্থর সঙ্গে তাঁর এ ব্যাপারে আলোচনাও হয়েছে। কোহলি বলেন, আমি জানি না ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঠিক কী করব। এক সতীর্থকে জিজ্ঞাসা করেও একই উত্তর পেয়েছি। তবে একটা বিষয় নিশ্চিত, খুব ঘুরব।












Click it and Unblock the Notifications