IPL 2025, GT vs PBKS Turning Point: গুজরাতের বিরুদ্ধে পাঞ্জাবের জয়, টার্নিং পয়েন্ট ডেথ ওভারের পারফরম্যান্স
IPL 2025, GT vs PBKS Turning Point: আইপিএলের ম্যাচে ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারল শুভমান গিলের দল। পাঞ্জাব কিংসের জয় ১১ রানে।
টস হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তোলে ৫ উইকেটে ২৪৩। জবাবে গুজরাত টাইটান্স ৫ উইকেটে ২৩২ রানে থামে।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পাঞ্জাব কিংসের ডেথ ওভারের ব্য়াটিং ও বোলিং পারফরম্যান্সই ম্যাচে ফারাক গড়ে দিল। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে পাঞ্জাব কিংস তুলেছিল ১ উইকেটে ৭৩, সেখানে গুজরাতের সংগ্রহ ১ উইকেটে ৬১।
মাঝের ওভারে, অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারে পাঞ্জাব কিংস তোলে ৮৩ রান, তিন উইকেট খুইয়ে। এই সময়কালে গুজরাত টাইটান্স ১১৩ রান তুলে ফেলে, মাত্র ১ উইকেট খুইয়ে। কিন্তু ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে পাঞ্জাব কিংসের কৃপণ বোলিং গুজরাতের কাজটা কঠিন করে দেয়।
১৪ ওভারের শেষে গুজরাতের স্কোর ছিল ২ উইকেটে ১৬৯। জিততে দরকার ছিল ৩৬ বলে ৭৪। বিজয়কুমার ভিশাক নিজের প্রথম ওভারটি করতে গিয়ে মাত্র পাঁচ রান দেন। ১৬তম ওভারে মার্কো জানসেন দেন ৮। ১৭তম ওভারে বিজয়কুমার ফের ৫ রান দেন।
গুজরাত টাইটান্স ১ থেকে ৩ ওভারে তুলেছিল যথাক্রমে ৫, ১০ ও ২ রান। গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল বড় রানের কঠিন টার্গেট তাড়া করতে গিয়ে দল যতটা কাছাকাছি পৌঁছেছে তাতে সামগ্রিক পারফরম্যান্সে খুশি। তাঁর মতে, এই ওভারগুলিতে আরও বেশি রান তোলা গেলে ম্যাচ জেতাও যেত।
ডেথ ওভারে ১৬ থেকে ২০ ওভারে পাঞ্জাব কিংস তোলে ১ উইকেটে ৮৭ রান। সেখানে গুজরাত টাইটান্স মাত্র ৫৮ রান তুলেছে শেষ ৫ ওভারে, পাঁচ উইকেট খুইয়ে। পরিসংখ্যানেই স্পষ্ট, ডেথ ওভারের পারফরম্যান্সই ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিল।
বিজয়কুমাররা যেভাবে অফ স্টাম্পে টানা বল রেখে ব্যাটারদের কাজটা কঠিন করে দিলেন সেটাও প্রশংসনীয়। কেন না, ক্রিজে তখন ছিলেন জস বাটলার ও শেরফান রাদারফোর্ডের মতো বিপজ্জনক দুই ব্য়াটার। সেই সঙ্গে সাই সুদর্শন যখন ঝোড়োগতিতে রান তুলছিলেন, তখন তাঁর উইকেটটি মোক্ষম সময় তুলে নিয়ে পাঞ্জাবের দিকে ম্যাচের দাঁড়িপাল্লা ঝোঁকান অর্শদীপ সিং।
শ্রেয়স আইয়ার তো ৯৭ রানে অপরাজিত থেকে অধিনায়কোচিত ইনিংস খেললেন। দুই দলের মধ্যে তফাত গড়তে বড় ভূমিকা নিল শশাঙ্ক সিংয়ের পারফরম্যান্স। তাঁর জন্যই শেষ ৫ ওভারে ৮৭ রান তোলে পাঞ্জাব। সাতে নেমে শশাঙ্ক ১৬ বলে ৪৪ করে অপরাজিত থাকেন। গুজরাত টাইটান্সের কয়েকটি ক্যাচ ফেলার আক্ষেপও উঠে এসেছে গিলের বক্তব্যে।












Click it and Unblock the Notifications