IPL 2025: ভূমিকা বদলালেও উইকেটের খিদে কমেনি! হায়দরাবাদের সূর্য ডুবল ম্যাচের সেরা বোল্টের তেজে
IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে তাদের মাঠে শুরু থেকেই ব্যাকফুটে ঠেললেন দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট। বোল্ট নিলেন চার উইকেট।
পাওয়ারপ্লেতে প্রথম স্পেলে ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট। ১৬তম ওভারে দেন ৯ রান। এরপর শেষ ওভারে আরও ২ উইকেট। ফলে বোল্ট চার ওভারে ২৬ রান দিয়ে ঝুলিতে পুরলেন চার উইকেট।

চলতি আইপিএলে এটিই বোল্টের কোনও ম্যাচে প্রথমবার চার উইকেট দখল। ফলে এবারের আইপিএলে তাঁর শিকারের সংখ্যা হলো ১০। আপাতত সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বরুণ চক্রবর্তী ও ক্রুণাল পাণ্ডিয়ার মতো বোল্টের দখলেও ১০ উইকেট। বোল্ট অবশ্য ৯টি ম্যাচ খেলেছেন, বাকিরা ৮টি করে।
ট্রেন্ট বোল্ট ম্যাচের সেরার পুরস্কার পেয়ে জানান, দলের বড় জয়ে অবদান রাখতে পেরে তাঁর ভালো লাগছে। শক্তিশালী দলকে তাদের হোম ম্যাচে হারানো সবচেয়ে তৃপ্তিদায়ক। দীপক চাহার ভালো বল করেছেন, বেশ কয়েকটি ভালো ক্যাচ ধরা গিয়েছে।
বোল্টের কথায়, স্যুইং হলে টানা চার ওভার করতে অসুবিধা নেই। কিন্তু সব সময় পরিস্থিতি সেরকম থাকে না। যে কোনও পর্যায়ে বল করার জন্য প্রস্তুত থাকতে হয়। চলতি বছর একটি অন্যরকম ভূমিকা পালন করতে হচ্ছে। তবে খেলা উপভোগ করছি, এভাবেই চালিয়ে যেতে চাই। বোল্ট আরও জানান, তাঁর উইকেট নেওয়ার খিদে এরইরকম আছে। ব্যাটারদের সঙ্গে দ্বৈরথ পছন্দ করেন।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়র হার্দিক পাণ্ডিয়া বলেন, জিততে পেরে ভালো লাগছে। দলের সকলে মোমেন্টাম ধারাবাহিকভাবে ধরে রাখছেন। এই দলের সকলের খেলা ক্লিক করতে শুরু করলে দাপট দেখা যাবে। দীপক, বোল্ট মঞ্চ প্রস্তুত করেছিলেন। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ফিনিশ করলেন। সবমিলিয়ে দারুণ জয়।
পূর্ব পরিকল্পনা না থাকলেও পরিস্থিতির চাহিদা অনুযায়ীই দীপক চাহারকে টানা বল করিয়েছেন বলে জানালেন হার্দিক। তাঁর কথায়, আমরা পাওয়ারপ্লেতে ভালো করেছি। তাই ভাবলাম চতুর্থ ওভার আটকে রেখে আর কী হবে? জয়ে সন্তুষ্ট হলেও সব বিভাগেই আরও উন্নতি চান হার্দিক।












Click it and Unblock the Notifications