IPL 2025: নির্ভীক বৈভবের প্রশংসায় পঞ্চমুখ সচিন, শতরান দেখে দ্রাবিড় ভুলেই গেলেন ভাঙা পায়ের কথা
IPL 2025: বৈভব সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিনের মাথায় আইপিএল তথা টি২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে শতরান হাঁকিয়ে একঝাঁক রেকর্ডের অধিকারী বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার।
বৈভবের শতরানে রাজস্থান রয়্যালস ভেসে রইল প্লে-অফের লড়াইয়ে। বিশেষজ্ঞদের মতে, বৈভবের মধ্যে যে পরিণত ভাব লক্ষ্য করা যাচ্ছে, তা ইতিবাচক। বৈভব লম্বা রেসের ঘোড়া।

সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া রিয়ান পরাগ বলেন, অনবদ্য ইনিংস। মাস দুয়েক ধরে বৈভবকে দেখে বুঝেছি সে কী করতে পারে। তবে গুজরাত টাইটান্সের মতো বিশ্বমানের বোলিং শক্তির বিরুদ্ধে বৈভব যে ইনিংস খেলল তার প্রশংসা করার মতো ভাষা নেই।
আইপিএল কেরিয়ারের তৃতীয় ম্যাচেই রেকর্ড ব্রেকিং শতরান, বৈভব পেল ম্যাচের সেরার পুরস্কারও। আইপিএলে সর্বকনিষ্ঠ হিসেবে ম্যাচের সেরা বৈভবের কথায়, খুব ভালো লাগছে। আইপিএলে তিন নম্বর ইনিংসেই শতরান পেলাম। গত তিন-চার মাস ধরে যেভাবে অনুশীলন করেছি, তার সুফল মিলছে।
বৈভব জানায়, বলের দিকে ফোকাস রেখেই বাজিমাত সম্ভব হয়েছে। যশস্বী জয়সওয়ালের অন্য প্রান্তে থাকায় তার আত্মবিশ্বাস বেড়েছে। যশস্বীর ইতিবাচক নানা পরামর্শও কাজে লাগাচ্ছে বৈভব। উপভোগ করছে যশস্বীর সঙ্গে জুটি। বৈভব বলে, আইপিএলে শতরান যেন স্বপ্নের মতো লাগছে। কাউকে ভয় পাইনি। এরপর থেকে বোলাররা বৈভবকে টার্গেট করতে পারেন। তবে তা নিয়ে না ভেবে নিজের খেলাতেই ফোকাস রাখছে বৈভব।
বৈভবের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। বৈভব ভবিষ্যতের সচিন হতে পারবে কিনা তা বলবে সময়। সচিন এক্স হ্য়ান্ডলে লেখেন, নির্ভীক থেকে বৈভবের খেলার ধরন, ব্যাট স্পিড, লেংথ আগে ধরে ফেলা, যে এনার্জি দিয়ে বল সামলেছে বৈভব, তাতেই লুকিয়ে তার অনবদ্য ইনিংসের রসদ। যার ফলে ৩৮ বলে ১০১ রানের ইনিংস। খুব ভালো খেলেছো।
বৈভবের কাছে আশীর্বাদ হলো রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে পাওয়া। দ্রাবিড় সচরাচর উচ্ছ্বাস প্রকাশ করেন না। তবে সোমবার ছিল ব্যতিক্রম। পা ভাঙার পর থেকে দ্রাবিড়ের সঙ্গী হুইল চেয়ার। কিন্তু বৈভব শতরানে পৌঁছতেই দ্রাবিড় উঠে দাঁড়ান। প্রথমে সামান্য অসুবিধা হলেও পরে সামলে নেন। দ্রাবিড় এতটাই মুগ্ধ হন যে, ওই কয়েক সেকেন্ডের জন্য ভুলেই গিয়েছিলেন ভাঙা পায়ের কথা।
Absolute Proud!
— The Banka Index (@The_Banka_Index) April 28, 2025
14-year-old Vaibhav Suryavanshi rewrites history!
His breathtaking century — the fastest by any Indian in IPL — was so electrifying that even Rahul Dravid stood up from his wheelchair to applaud.
The future of Indian cricket is here!
pic.twitter.com/PKE3yuYV1J
উল্লেখ্য, চলতি আইপিএলে বৈভব চতুর্থ ব্যাটার হিসেবে শতরান হাঁকাল। এর আগে যাঁরা শতরান করেছেন তাঁরা হলেন ঈশান কিষাণ, অভিষেক শর্মা ও প্রিয়াংশ আর্য। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কোনও ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল সঞ্জু স্যামসনের (১০টি)। সেই নজির ভেঙে বৈভব হাঁকালেন ১১টি ছয়। আইপিএলে যে কোনও উইকেট জুটিতে বৈভব ও যশস্বী জয়সওয়ালের ১৬৬ রানের পার্টনারশিপ সর্বাধিক। ভেঙে গেল দেবদত্ত পাড়িক্কল ও জস বাটলারের ১৫৫ রানের পার্টনারশিপের নজির। রাজস্থান বনাম গুজরাত ম্যাচে এর আগে কখনও দুই ইনিংস মিলিয়ে ৪২১ রান ওঠেনি।












Click it and Unblock the Notifications