IPL 2025: টাইটান্সের বিরুদ্ধে নামার আগে অস্বস্তিতে সানরাইজার্স, হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা নিজামের শহরে
IPL 2025: আইপিএলে কাল হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। সানরাইজার্স পয়েন্ট তালিকার দশে রয়েছে, টাইটান্স চারে।
সানরাইজার্স হায়দরাবাদ ২০২২ সালের পর আর গুজরাত টাইটান্সকে হারাতে পারেনি। প্যাট কামিন্সরা হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া।

গুজরাত টাইটান্সের লক্ষ্যও হ্যাটট্রিক। তবে জয়ের। টানা দুটি ম্যাচ জেতায় পয়েন্ট তালিকায় অনেকটাই উঠে এসেছেন শুভমান গিলরা। মহম্মদ সিরাজ আরসিবি ম্যাচে তিন উইকেট নিয়েছেন। এবার নিজের শহরে তিনি দলকে জেতাতে বড় ভূমিকা নিতে চাইবেন।
দুই দলের তুল্যমূল্য বিশ্লেষণ করলে ব্যাটিং বিভাগ দুই দলেরই যথেষ্ট মজবুত। তবে সানরাইজার্স হায়দরাবাদে বিধ্বংসী ব্যাটারের সংখ্যা বেশি। তবে চলতি আইপিএলে সুনামের প্রতি সুবিচার করতে পারেননি অভিষেক শর্মা। ফলে ওপেনিংয়ে ট্রাভিষেক জুটিকেও বিপজ্জনক লাগছে না।
ঈশান কিষাণ প্রথম ম্যাচে শতরান হাঁকালেও তারপর থেকে ছন্দ হারিয়েছেন। প্রথম তিন ব্যাটারের ব্যর্থতায় চাপ বাড়ছে সানরাইজার্সের মিডল অর্ডারে। বিশেষ করে নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন ও অনিকেত ভার্মার উপর।
মহম্মদ শামি ও অধিনায়ক প্যাট কামিন্সের বোলিংও প্রত্যাশা পূরণ করতে পারছে না। শামির ইকনমি ১০, কামিন্সের ১২.৩০। সেভাবে আস্থা দিতে পারছেন না অ্যাডাম জাম্পা বা উইয়ান মুল্ডার। চলতি আইপিএলে সব দলের মধ্যে সবচেয়ে বেশি ইকনমি সানরাইজার্সের।
গুজরাত টাইটান্সের ব্যাটিং বিভাগকে অনেক সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে। ধারাবাহিকতাও দেখা যাচ্ছে। বিশেষ করে ওপেনিংয়ে শুভমান গিল ও বি সাই সুদর্শন যে কোনও দলের কাছেই সমীহযোগ্য। ছন্দ পেয়ে গিয়েছেন জস বাটলারও।
চলতি আইপিএলে সানরাইজার্স পাওয়ারপ্লেতে ১০ উইকেট হারিয়েছে। ফলে গুজরাতের বোলাররা সেই বিষয়টিকেই টার্গেট করবেন। মহম্মদ সিরাজের ধারাবাহিকতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের সঙ্গে সহমত পোষণ না করে সিরাজের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশই করেছেন গুজরাত টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি।
সানরাইজার্সের ডেথ ওভারের ইকনমিও সবচেয়ে খারাপ। ১৬.৮৯। গুজরাত টাইটান্স নিশ্চিতভাবেই সেই বিষয়টিও মাথায় রাখবে। আইপিএলে শততম উইকেট থেকে সিরাজ মাত্র ২টি শিকার দূরে। নিজের শহরে তিনি এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন।
হায়দরাবাদের পিচ ব্যাটিংয়ের স্বর্গ। প্রথম ইনিংসে গড় স্কোর ২১৩। সানরাইজার্স এবার তৃতীয় হোম ম্যাচ খেলতে নামছে। প্রথম ম্য়াচে তারা তুলেছিল ২৮৬। কালও হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা রয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদের সিমরজিৎ সিং সেভাবে দাগ কাটতে পারেননি। তাঁর জায়গায় অভিজ্ঞ জয়দেব উনাদকাটকে নামানো হতে পারে। গুজরাত টাইটান্সের কাগিসো রাবাডা দেশে ফিরেছেন ব্যক্তিগত কারণে। আরসিবি ম্যাচে খেলেননি। টাইটান্স তিন বিদেশি নিয়ে খেলছে। চার বিদেশি খেলালে নামানো হতে পারে গ্লেন ফিলিপসকে।
The prep continues 💪#PlayWithFire | #SRHvGT | #TATAIPL2025 pic.twitter.com/k9lo85VLBn
— SunRisers Hyderabad (@SunRisers) April 5, 2025
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস, হেইনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট বা সিমরজিৎ সিং, মহম্মদ শামি। ইমপ্যাক্ট সাব- জিশান আনসারি।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, গ্লেন ফিলিপস বা আরশাদ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব- ইশান্ত শর্মা।












Click it and Unblock the Notifications