IPL 2025: শ্রেয়সের নিঃস্বার্থ মানসিকতায় অল্পের জন্য অধরা শতরান, ম্যাক্সওয়েল লজ্জার নজিরে পিছনে ফেললেন রোহিতকে
IPL 2025: আইপিএল কেরিয়ারে প্রথম শতরানটি অল্পের জন্য পেলেন না শ্রেয়স আইয়ার। অপরাজিত থেকেও। দ্বিতীয় ভারতীয় হিসেবে আইপিএলে তিন নম্বর দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন এদিনই।
আমেদাবাদে গুজরাত টাইটান্স টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিল পাঞ্জাব কিংসকে। পাঞ্জাবের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জ্বলে উঠল শ্রেয়সের ব্যাট। তবে এই ম্যাচেই লজ্জার নজির গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল।

শ্রেয়স এর আগে দিল্লি ও কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। ২০১৫ থেকে ২০২১ অবধি ছিলেন দিল্লিতে। ২০২২ ও ২০২৪ সালের আইপিএল খেলেন কেকেআরে। চোটের কারণে খেলতে পারেননি ২০২৩ সালে। এবার শ্রেয়সকে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দরে নেয় পাঞ্জাব কিংস।
অবশ্য আইপিএলের ইতিহাসে সর্বাধিক দর (২৬.৭৫ কোটি) পাওয়া ক্রিকেটার শ্রেয়সই হয়েছিলেন কিছুক্ষণের জন্য। পরে সেই নজির ভাঙেন ঋষভ পন্থ, যিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ২৭ কোটির ঋষভ গতকাল ৬ বলে ০ রানে আউট হয়েছেন। তবে শ্রেয়স ভালো ফর্ম অব্যাহত রেখে এদিন খেললেন ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস। মেরেছেন ৫টি চার, ৯টি ছয়।
এদিন আইপিএল কেরিয়ারের সেরা ইনিংস খেলার ফাঁকে সপ্তম অধিনায়ক হিসেবে আইপিএলে ২ হাজার রানের নজির স্পর্শ করলেন শ্রেয়স। এর আগে, এই নজির রয়েছে বিরাট কোহলি (৪৯৯৪), মহেন্দ্র সিং ধোনি (৪৬৬০), রোহিত শর্মা (৩৯৮৬), গৌতম গম্ভীর (৩৫১৮), ডেভিড ওয়ার্নার (৩৩৫৬) ও লোকেশ রাহুলের (২৬৯১)।
আজ ১৫.২ ওভারে পাঞ্জাব কিংসের রান যখন ৫ উইকেটে ১৬২ তখন খেলতে নামেন শশাঙ্ক সিং। সেই শশাঙ্ক অপরাজিত থাকলেন ১৬ বলে ৪৪ রান করে। ৬টি চার ও ২টি ছয় মেরেছেন। শশাঙ্ক পরে জানান, ব্যাট করতে নামার পরই শ্রেয়স বলেন তাঁর শতরানের কথা না ভেবে নিজের স্বাভাবিক খেলা খেলতে। অধিনায়কের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন।
শেষ ওভারে এলো ২৩ রান। সব কটি বল শশাঙ্ক খেলেছেন। ১৮তম ওভারে একটি বল খেলেন শ্রেয়স। ১৯তম ওভারেও শ্রেয়স শতরানে পৌঁছতে পারেননি। তবে অধিনায়কের নিঃস্বার্থ মানসিকতায় শশাঙ্কের ঝোড়ো ইনিংসে পাঞ্জাব কিংস পৌঁছে যায় ৫ উইকেটে ২৪৩ রানে। শেষ পাঁচ ওভারে আসে ৮৭ রান, ১ উইকেট খুইয়ে।
গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য এদিন হতাশ করলেন। তিনি সাই কিশোরের বলে লেগ বিফোর হলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। যার ফলে আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য করার লজ্জার রেকর্ডটি গেল ম্যাক্সওয়েলের দখলে। দীনেশ কার্তিক ও রোহিত শর্মা ১৮ বার করে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন। তাঁদের পিছনে ফেলে দিলেন ম্যাক্সওয়েল।












Click it and Unblock the Notifications