IPL 2025: ঘরের মাঠে প্রথম জয়ের অপেক্ষায় আরসিবি, হারলেই বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে রাজস্থান রয়্যালসের
IPL 2025: আইপিএল কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। বদলার ম্যাচে রয়্যালস পাচ্ছে না অধিনায়ক সঞ্জু স্যামসনকে।
চলতি আইপিএলে গত ১৩ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ১৭৩ তুলেছিল। জবাবে আরসিবি ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। কাল জিতলে তৃতীয় দল হিসেবে ১২ পয়েন্টে পৌঁছবে আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে। তাদের নেট রান রেট ০.৪৭২। কাল জিতলে দিল্লি ক্যাপিটালস (নেট রান রেট ০.৬৫৭)-কে টপকে দুই নম্বরে উঠে আসতে পারে আরসিবি।
রাজস্থান রয়্যালসের রয়েছে ৮ ম্যাচে ৪ পয়েন্ট। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৬৩৩। রাজস্থান রয়েছে পয়েন্ট তালিকার আটে। কাল হেরে গেলে আইপিএল থেকে কার্যত ছুটি হয়ে যাবে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দলের। কেন না, সেক্ষেত্রে বাকি ৫টি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট অবধি পৌঁছবে রাজস্থান। তাতে প্লে-অফ নিশ্চিত হবে না বলেই মনে করা হচ্ছে।
রাজস্থান রয়্যালস টানা চারটি ম্যাচে হেরে বেকায়দায়। তার মধ্যে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে ৯ রান তুলতে না পেরে পরাস্ত হয়েছে। তাতেই কমেছে তাদের প্লে-অফে যাওয়ার আশা। আরসিবি এবারের আইপিএলে ঘরের মাঠে একটি ম্যাচেও জিততে পারেনি। সব অ্যাওয়ে ম্যাচে জিতেছে। ফলে তারা চাইবে প্রথমবার হোম ম্যাচ জিতে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে যেতে।
দুই দলের পারস্পরিক ৩৩টি দ্বৈরথে আরসিবি জিতেছে ১৬টিতে, রাজস্থানের জয় ১৪টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আরসিবি উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। রাজস্থান রয়্যালস সন্দীপ শর্মার জায়গায় খেলাতে পারে আকাশ মাধওয়ালকে।
Hello from the Garden City 💗🙏 pic.twitter.com/vz4MGQrMRZ
— Rajasthan Royals (@rajasthanroyals) April 23, 2025
চিন্নাস্বামীর উইকেট গত দু-দিন ধরে চট দিয়ে ঢাকা ছিল। পিচ কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে আকাশ মেঘমুক্ত। রোদও উঠছে। ফলে বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। বেঙ্গালুরুর দ্রাবিড় চিন্নাস্বামীকে হাতের তালুর মতো চেনেন। ফলে দ্রাবিড়ের স্ট্র্যাটেজির দিকে থাকবে নজর।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল- ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব- আকাশ মাধওয়াল।












Click it and Unblock the Notifications