IPL 2025: মোটা অঙ্কের জরিমানা অধিনায়ক পন্থের, ম্যাচের সেরা হয়েও শাস্তি পেলেন দিগ্বেশ
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচেও দলকে জিতিয়ে শাস্তি পেলেন ঋষভ পন্থ। শুক্রবার নিজেদের ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। টানটান এই উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ১২ রানে জয় ছিনিয়ে নেয় লখনউ সুপার জায়ান্টস। কিন্ত ম্যাচ শেষের পর শাস্তি পেতে হল লখনউ অধিনায়ককে।
একটা সময় পর্যন্ত ম্যাচে নিয়ন্ত্রণ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের হাতেই কিন্তু সূর্যকুমার যাদব আউট হতেই ম্যাচের রাশ চলে যায় লখনউ সুপার জায়ান্টসের হাতে। দল জিতলেও শাস্তি পেলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। স্লো ওভাররেটের জন্য বিপুল অঙ্কের জরিমানা হল লখনউ অধিনায়কের পাশাপাশি ম্যাচের সেরা হয়েও শাস্তি পেলেন দিগ্বেশ রাঠী।

শনিবার আইপিএলের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভাররেট হয়েছিল। লখনউ দল বোলিংয়ের সময় স্লো ওভাররেটে ছিল। চলতি আইপিএলে প্রথমবার স্লো ওভাররেটের মুখোমুখি হল লখনউ দল। এর ফলে আইপিএলের নিয়মাবলী বা আদর্শ আচরণ বিধির ২.২২ আর ধারা অনুসারে ঋষভ পন্থকে জরিমানা করা হলো। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবারের ম্যাচে সেরা হয়েছেন দিগ্বেশ রাঠী। কিন্তু আইপিএলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার জন্য তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশই জরিমানা করা হয়েছে। এর আগেও একই অপরাধ করেছিলেন দিগ্বেশ রাঠী এটি তার লেভেল ওয়ানের দ্বিতীয় অপরাধ। এর ফলে তাঁকে আরও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন দিগ্বেশ রাঠী।
এর আগে পাঞ্জাব কিংস দলের বিরুদ্ধে লখনউ দলের বোলার দিগ্বেশ রাঠীর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘ করায়। তঁাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছিল। লখনউ বোলার তাঁর অপরাধ মেনে নিয়েছেন। ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না দিগ্বেশ। শুক্রবারের ম্যাচে দিগ্বেশ রাঠী ৪ ওভারে ২১ রান খরচ করে ১ উইকেট নেন। দলের জয়ে তাঁর কৃতিত্বও কোনও অংশে কম নয়। ম্যাচের সেরাও হয়েছেন।
আগের ম্যাচেই নোটবুক সেলিব্রেশন করে জরিমানা দিতে হয়েছিল লখনউ দলের স্পিনারকে। তাতেও শিক্ষা হয়নি। মুম্বইয়ের বিরুদ্ধে উইকেট নিয়ে ফের একই রকম সেলিব্রেশন করেছেন লখনউ স্পিনার। এবার দ্বিগুণ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। আগামী ৮ এপ্রিল লখনউয়ের পরের ম্য়াচ কেকেআরের সঙ্গে। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই কলকাতায় আসছেন পন্থরা।












Click it and Unblock the Notifications