IPL 2025: বৈভবের জন্য এবার থেকে কঠিন চ্যালেঞ্জ, মোকাবিলা দেখেই হবে ব্যাটিংয়ের বিচার! সতর্ক করলেন রবি শাস্ত্রী
IPL 2025: বৈভব সূর্যবংশীকে সাবধানবাণী শোনালেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন হেড কোচ মনে করেন, পরের ম্যাচ থেকেই বৈভবকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আইপিএলে ভারতীয়দের মধ্যে এবং টি২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে দ্রুততম শতরান হাঁকানোর রেকর্ড নিজের দখলে নিয়েছে বৈভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। রবিবার বৈভবের পরীক্ষা ইডেনে।

বিহারের সমস্তিপুরের বৈভব আইপিএলে নিজের তৃতীয় ম্যাচেই শতরান পেয়ে গিয়েছে। আইসিসি রিভিউ অনুষ্ঠানে রবি শাস্ত্রী বলেন, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বৈভব প্রথম বলেই যে ছয় মেরেছিল তা সকলকে তাক লাগিয়ে দেয়। বৈভবের বয়স কম, তাকে খেলতে দিতে হবে।
শাস্ত্রী বলেন, বৈভবকে খেলানোর কথা এ কারণেই বলছি যে, এই বয়সে ব্যর্থতাও আসবে। এটা দেখার, বৈভব কীভাবে ব্যর্থতাকে সামাল দিতে পারে। বৈভকে আটকাতে অনেকেই নানাবিধ রণকৌশল নিয়ে হাজির হবেন। অল্প বয়স বলে বৈভবকে যে কেউ আর হাল্কাভাবে নেবেন না, মায়া-মমতা দেখাবেন না বা কঠিন ডেলিভারির চ্যালেঞ্জ দেবেন না, সে ব্যাপারে নিশ্চিত শাস্ত্রী।
The world paused and took notice. 💗 pic.twitter.com/G5nrNKqKwA
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2025
শাস্ত্রীর কথায়, পরের ম্যাচ থেকে যখনই বৈভব ব্যাট করতে নামবে তখন তাকে আরও বেশি শর্ট বল করা হবে। যখন কোনও ব্যাটার প্রথম বলে ছক্কা মারেন, তখন তাঁর প্রতি কেউ মায়া দেখান না। কোনও ব্যাটারের বয়স ১৪, নাকি ১২, নাকি ২০ সেটা বোলাররা মাথায় রাখেন না। সকলকে সমান চোখে দেখেই আক্রমণ শানাবেন।
ফলে বৈভবকে বাউন্সার সামলানোয় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, বৈভবকে বেশি বাউন্সার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা বৈভব কীভাবে পারছে তা দেখেই তার ব্যাটিংয়ের বিচার পুরোপুরিভাবে করা সম্ভব।
বৈভব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ব্য়াটিংয়ের সময় কে বল করছেন সেটা নিয়ে না ভেবে নিজের খেলাতেই ফোকাস রাখে সে। এমনকী জায়গায় বল পেলে সেটা মারতেও দ্বিধা করে না। বৈভব ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরের বোলারদের বিরুদ্ধে যে আগ্রাসী ব্যাটিং করেছে তাতে সকলেই মুগ্ধ।
শার্দুল ঠাকুর থেকে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর বা করিম জানাত কাউকেউ রেয়াত করেনি আগ্রাসী বৈভব। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বৈভব ২০ বলে ৩৪ রান করে স্টাম্প আউট হয়েছিল। অভিষেক ম্যাচে অর্ধশতরানের সুযোগ হাতছাড়া হওয়ায় বৈভবকে চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয় বৈভব, ১২ বলে ১৬ রান করে। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ঐতিহাসিক ইনিংস। সাতটি চার ও ১১টি ছয়ের সাহায্যে। বৈভব এই ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণর বলে বোল্ড হয়েছিল। কাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ। এরপর তার দিকে নজর থাকবে ইডেনেও।












Click it and Unblock the Notifications