IPL 2025: আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দিতে তিনি তৈরি, বিরাট ইচ্ছার কথা খোলসা করলেন মধ্যপ্রদেশের ব্যাটার
IPL 2025: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। জানিয়ে দিলেন মধ্যপ্রদেশের অধিনায়ক রজত পাটীদার।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে রয়েছেন রজত। কাল ফাইনালে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিতে চলেছেন মুম্বইয়ের বিরুদ্ধে।

রজত এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৮ ম্যাচে ৮ ইনিংসে ৩৪৭ রান করেছেন। গড় ৪৯.৫৭, স্ট্রাইক রেট ১৮২.৬৩। চারটি অর্ধশতরান রয়েছে। ৮ ম্যাচে ৭ ইনিংসে অজিঙ্ক রাহানের ৪৩২ ও বিহারের সাকিবুল গনির ৭ ম্যাচে ৩৫৩ রানের পরই রয়েছেন রজত। গনিকে টপকাতে লাগবে ৭ রান।
রজতকে ১১ কোটি টাকায় নিলামের আগে ধরে রেখেছে আরসিবি। পাটীদার বলেন, আরসিবি বড় ফ্র্যাঞ্চাইজি। আমি সেই দলে খেলতে পেরে তৃপ্ত। রিটেনশন আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে আমি প্রস্তুত। আমি খুশিই হব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির।
আরসিবির অধিনায়ক পদে বিরাট কোহলির ফেরার সম্ভাবনা নিয়ে ভালোরকম চর্চা রয়েছে। তবে বিরাট না হলে নতুন কোনও অধিনায়কের নেতৃত্বে আরসিবি আইপিএল খেলবে। আজ অবধি একবারও তারা আইপিএল খেতাব জিততে পারেনি।
দুই মরশুম আগে বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফি জিতেছিল মধ্যপ্রদেশ। সেখানেই প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতার হাতছানি। মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়ে অধিনায়কত্বের নানা ট্যাকটিক্স তিনি শিখেছেন। প্লেয়ারদের দেখে তাঁরা কী করতে পারেন সেই সম্পর্কে ধারণাও করতে পারছেন।
সবমিলিয়ে নেতৃত্ব উপভোগই করছেন রজত। কৃতিত্ব দিচ্ছেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে, যাঁর কোচিংয়ে চলতি বছর কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জিতেছে। রজতের কথায়, কোচের কাছ থেকে নেতৃত্বের বিষয়ে অনেক কিছু শিখেছি। তিনি দেশের সেরা কোচ।
ভারতীয় টেস্ট দলে জায়গা পাকা না করতে পারার হতাশা রয়েছে পাটীদার। চালাতে চাইছেন কামব্যাকের লড়াই। তিনি বুঝতে পেরেছেন, ক্রিকেটীয় সফরে ব্যর্থতা আসবে। সেই ব্যর্থতার মোকাবিলা করে তা থেকে শিক্ষালাভের মাধ্যমেই খুঁজে বের করতে হবে ঘুরে দাঁড়ানোর রসদ। পাটীদারের বিশ্বাস, ধারাবাহিকতা দেখিয়ে ফের জাতীয় দলের দরজা খোলা সম্ভব।












Click it and Unblock the Notifications