Rahul Dravid: রাজস্থান রয়্যালসের হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, সহকারী কোচ বিক্রম রাঠোর
Rahul Dravid: দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব বা কলকাতা নাইট রাইডার্স নয়। রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসেরই হেড কোচ হতে চলেছেন। দাবি ক্রিকইনফোর প্রতিবেদনে।
ভারতীয় দলে রাহুল দ্রাবিড় হেড কোচ থাকাকালীন বিক্রম রাঠোর ছিলেন ব্যাটিং কোচ। রাঠোর রাজস্থান রয়্যালসে যোগ দিতে চলেছেন সহকারী কোচ হিসেবে।

গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত প্রথমে রাহুল দ্রাবিড়ের ভারতের হেড কোচ থাকার কথা ছিল। কিন্তু পরবর্তীকালে দ্রাবিড়-সহ অন্যান্য সাপোর্ট স্টাফদের মেয়াদ বাড়ানো হয়েছিল টি২০ বিশ্বকাপ অবধি। তারই মধ্যে চর্চা চলছিল রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে। এমন জল্পনাও ছিল তিনি আইপিএলের দলের সঙ্গে যুক্ত হতে পারেন।
শেষ অবধি জল্পনা সত্যি করে রাজস্থান রয়্যালস শিবিরেই ফিরতে চলেছেন দ্রাবিড়। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, ইতিমধ্যেই দ্রাবিড়ের সঙ্গে রাজস্থান রয়্যালসের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। কোন প্লেয়ারদের ধরে রাখা হবে তা নিয়েও কথা হয়েছে।
রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গেও দ্রাবিড়ের ঘনিষ্ঠ সম্পর্ক। দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ থাকার সময়ই সঞ্জুর উত্থান। দ্রাবিড় রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ২০১২ ও ২০১৩ সালে। টিম ডিরেক্টর ও মেন্টরের ভূমিকা পালন করেছেন ২০১৪ ও ২০১৫ সালে।
২০১৬ সালে দ্রাবিড় দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দেন। তখন থেকে ২০১৯ সালে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান হওয়া পর্যন্ত দ্রাবিড় যুক্ত ছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ২০২১ সালে ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হন দ্রাবিড়। তাঁর কোচিংয়েই ভারত ১১ বছরের আইসিসি ট্রফির খরা মিটিয়ে টি২০ বিশ্বকাপ জেতে।
দ্রাবিড়ের সঙ্গে এনসিএ ও ভারতীয় দলে কোচিংয়ের ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে বিক্রম রাঠোরের। ২০১৯ সালে রাঠোর ভারতীয় দলের ব্যাটিং কোচ হয়েছিলেন। তিনিও টি২০ বিশ্বকাপ অবধি ভারতীয় দলের সঙ্গে ছিলেন। রবি শাস্ত্রীর জমানায় রাঠোর ভারতের ব্যাটিং কোচ হলেও তাঁকেই রেখে দেন দ্রাবিড়। রাঠোর এবার রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হতে চলেছেন।
দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হেড কোচ হলেও কুমার সঙ্গকারা টিম ডিরেক্টর পদেই থাকবেন। ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হওয়ার দৌড়ে সঙ্গকারার নাম ভাসছিল। কিন্তু টেস্ট দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ওডিআই ও টি২০ আন্তর্জাতিক দলেরও হেড কোচ হয়েছেন। আইপিএলের পাশাপাশি সঙ্গকারা রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির এসএ২০ দল পার্ল রয়্যালস ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ রয়্যালস দলেরও যাবতীয় বিষয় দেখবেন।
২০০৮ সালের পর আর রাজস্থান রয়্যালস আইপিএল খেতাব জিততে পারেনি। ২০২২ সালে ফাইনালে তারা গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিল। গত বছর প্লে-অফে উঠতে পারেনি। চলতি বছরের আইপিএলে রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার ২-তে হেরে যায়।












Click it and Unblock the Notifications