IPL 2025: প্রিয়াংশের বিধ্বংসী ব্য়াটিং, ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে দাপুটে জয় শ্রেয়সদের
আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাবের। ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে ১৮ রানে জয় হাসিল করল শ্রেয়স আইয়ারের দল।
মঙ্গলবার ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব দল। শুরুতেই ০ রান করে আউট হলেন প্রভসিমরন সিং। এরপর ৯ রান করে সাজঘরে ফিরলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। মার্কাস স্টইনিস ৪ এবং নেহাল ওয়াধেরা ৯ রান করে আউট হলেন। পর পর উইকেট হারিয়ে প্রবল চাপ সৃষ্টি হয় পাঞ্জাব দলের উপরে। কিন্ত প্রীতির দলের উদ্ধারকর্তা হলেন প্রিয়াংশ। পাঞ্জাব দল ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাচ্ছে তাঁকে।

মাত্র ৩৯ বলে শতরান করলেন পা়ঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্য। যা আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম। ৪২ বলে ১০৩ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন। ৭টা বাউন্ডারি এবং ৯টা ওভার বাউন্ডারিতে সাজানো ঝকঝকে ইনিংস খেললেন। চেন্নাইয়ের বোলারদের সঙ্গে ছেলেখেলা করলেন প্রিয়াংশ। ২০২৪ সালে দিল্লি প্রিমিয়ার লিগে সর্বাধিক রান করেছিলেন প্রিয়াংশ। মাত্র ১০টি ম্যাচে ৬০০-র বেশি রান করেছিলেন তরুণ এই ওপেনার। এবার আইপিএলের মঞ্চেও নিজের জাত চেনালেন প্রিয়াংশ।
প্রিয়াংশকে বাদ দিলে পাঞ্জাব দলের প্রথম ছয় ব্যাটারের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ৮৩ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে উদ্ধার করলেন প্রিয়াংশ। পাঞ্জাব দলের হয়ে শশাঙ্ক সিংহ ৩৬ বলে ৫২ ও মার্কো জানসেন ১৯ বলে ৩৪ রান করেন। মূলত প্রিয়াংশের ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করল পাঞ্জাব কিংস। সিএসকে দলের বোলারদের মধ্যে খলিল আহমেদ ৪ ওভারে ৪৫ রান খরচ করে দুটি, এবং অশ্বিন চার ওভারে ৪৫ রান খরচ করে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন নূর আহমেদ এবং মুকেশ চৌধুরি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সিএসকে। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের জুটি ওপেনিংয়েই ৬১ রান তোলে। ২৩ বলে ৩৬ রান করে ম্যাক্সওয়েলের বলে আউট হলেন রাচিন। তিন নম্বরে নেমে ঋতুরাজের অফ ফর্ম অব্যাহত। ১ রান করেই এই ম্যাচে আউট হলেন।
শিবম দুবে ২৭ বলে ৪২ রান করে আউট হলেন। এরপর ব্যাট করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। মাহি একটা করে ছক্কা হাঁকাচ্ছিলেন ততই শব্দের ডেসিবেল উদ্বমুখি হচ্ছিল গ্যালারিতে। ৪৯ বলে ৬৯ রান করে ব রিটায়ার্ড আউট হলেন কনওয়ে। তাঁর জায়গায় নামলেন জাদেজা। ১২ বলে ৪৯ রান প্রয়োজন ছিল সিএসকের। ১৯ ওভারে হল ২১। শেষ ওভারে সিএসকের প্রয়োজন ছিল ২৮ রান। ১২ বলে ২৭ রান করে যশ ঠাকুরের বলে আউট হলেন ধোনি।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তুলল সিএসকে। ১৮ রানে জয়ী হল পাঞ্জাব। ফার্গুসন দুটি, যশ ঠাকুর ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে পাঞ্জাব কিংস। ৫ ম্য়াচে ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে সিএসকে।












Click it and Unblock the Notifications