IPL 2025: শ্রেয়স-পন্টিং জুটিতে আস্থা পাঞ্জাব কিংসের, নতুনভাবে ঘর গুছিয়ে পাখির চোখ আইপিএল খেতাবেই
IPL 2025: আইপিএল খেতাব একবারও জিততে পারেনি পাঞ্জাব কিংস। যার আগের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। দলের নাম, জার্সি, লোগো থেকে অধিনায়ক, সাপোর্ট স্টাফ বদলেও ভাগ্য ফেরানো যায়নি।
শ্রেয়স আইয়ার গতবার কলকাতা নাইট রাইডার্সকে খেতাব জিতিয়েছেন। সেই শ্রেয়স এবার আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সপ্তদশ অধিনায়ক। হেড কোচ হয়েছেন রিকি পন্টিং। বদলেছে সাপোর্ট স্টাফও।

২০১৪ সালের ফাইনালে উঠেও খেতাব অধরাই থেকে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। তারপর কোনওবারই প্লে-অফে পর্যন্ত যেতে পারেনি তারা। এবার অবশ্য ফ্র্যাঞ্চাইজি কর্তারা দলকে ঢেলে সাজিয়ে ভালো কিছুর আশায়।
মেগা নিলামের আগে শুধু শশাঙ্ক আর প্রভসিমরণ সিংকে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। ২৬.৭৫ কোটি টাকা খরচ করে তারা নেয় শ্রেয়স আইয়ারকে। অর্শদীপ সিং ও য়ুজবেন্দ্র চাহালের জন্য পাঞ্জাব নিলামে খরচ করেছে ১৮ কোটি টাকা করে।
রিকি পন্টিংয়ের মতামতকে গুরুত্ব দিয়েই দল সাজিয়েছে পাঞ্জাব কিংস। দলে রয়েছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকা। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জশ ইনগ্লিস, মার্কো জানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসনের মতো প্লেয়াররা।
নেহাল ওয়াধেরা, হরপ্রীত ব্রার, বিজয়কুমার ভিশাক, মুশির খানদের দিকেও থাকবে নজর। ২০১৭ সালে পাঞ্জাব আইপিএল অভিযান শেষ করেছিল পাঁচে থেকে। বিগত ১১ বছরে সেটাই তাদের সেরা পারফরম্যান্স। শেষ দুই বছর ছিল আট ও নয়ে। ২৮ ম্যাচে হার ১৭টিতেই।
দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে থাকাকালীন রিকি পন্টিংকে হেড কোচ হিসেবে পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁদের জুটি দিল্লিকে আইপিএল ফাইনাল অবধি পৌঁছে দিয়েছিল। এবার এই জুটিতে আস্থা রেখেই খেতাব জিততে মরিয়া পাঞ্জাব। লকি ফার্গুসনের ফিটনেস নিয়ে অবশ্য দল চিন্তায়।
শ্রেয়স আইয়ার সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন। আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পাঞ্জাবকে সাফল্য এনে দিতে চাইবেন। ২০২০ সালের পর ফের পাঞ্জাবের জার্সিতে খেলবেন ম্যাক্সওয়েল। শেষবার পাঞ্জাব যখন প্লে-অফে যায়, সেই মরশুমে পাঁচশোর উপর রান করেছিলেন অজি অলরাউন্ডার।
পাঞ্জাব কিংস ২৫ মার্চ গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে। তারপরই টানা ৬ দিনের ব্রেক। পাঞ্জাব কিংসের প্রথম হোম ম্যাচ এপ্রিলের ৫ তারিখ। ১২ থেকে ২০ এপ্রিলের মধ্যে তাদের দুটি হোম ও দুটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (ব্যাটিংয়ের সময়)- প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, মার্কাস স্টইনিস, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, লকি ফার্গুসন, অর্শদীপ সিং। বোলিংয়ের সময় নামানো হবে যুজবেন্দ্র চাহালকে।












Click it and Unblock the Notifications