IPL 2025: আইপিএলে নিয়মিত খেলছেন বাংলার চার ক্রিকেটার, অভিষেক থেকে শামি, আকাশ ও মুকেশের পারফরম্যান্স কেমন?
IPL 2025: আইপিএলের তিন দলে রয়েছেন বাংলার ৫ ক্রিকেটার। তাঁদের মধ্যে চারজন নিয়মিত সুযোগ পাচ্ছেন। দিল্লি ক্যাপিটালসে রয়েছেন অভিষেক পোড়েল ও মুকেশ কুমার।
লখনউ সুপার জায়ান্টসে রয়েছেন আকাশ দীপ ও শাহবাজ আহমেদ। সানরাইজার্স হায়দরাবাদে রয়েছেন মহম্মদ শামি।

আজ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক রান করলেন অভিষেক পোড়েল। ওপেন করতে নেমে তিনি করলেন ৩৭ বলে ৪৯। মেরেছেন ৫টি চার ও একটি ছয়। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিলেন তৃতীয় আইপিএল অর্ধশতরানের থেকে ১ রান দূরে।
তুষার দেশপাণ্ডের ওভারে ২৩ রান এসেছিল দিল্লি ইনিংসের দ্বিতীয় ওভারে। এই ওভারে পোড়েল আগ্রাসী মেজাজে ব্যাটিং করায় একটা সময় তাঁর স্কোর ছিল ৭ বলে ২৪। পোড়েলের কথায়, উইকেট কিছুটা মন্থর। বল থমকে আসতে থাকে তৃতীয় ওভার থেকেই। লক্ষ্য ছিল পাওয়ারপ্লে কাজে লাগানো।
Abi, played like a tiger 👏 pic.twitter.com/D6jTRuEpbL
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2025
অভিষেক পোড়েল আজকের ম্যাচ পর্যন্ত ৬ ম্যাচে ৬ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ১৫৬ রান করেছেন। গড় ৩১.২০, স্ট্রাইক রেট ১৪৩.১১। চন্দননগরের অভিষেককে চার কোটি টাকায় ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস।
বাংলার পেসার আকাশ দীপকে ৮ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। তবে চোটের কারণে তাঁকে প্রথমদিকের কয়েকটি ম্যাচে পায়নি ঋষভ পন্থের দল। আকাশ চলতি আইপিএলে ৪টি ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন।
বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ২.৪ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ান্টস কিনেছে। তবে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসে বিরুদ্ধে একটিই ম্যাচ খেলেছেন শাহবাজ। সেই ম্যাচে ৯ রান করেন, বল হাতে ২২ রান দিয়ে উইকেট পাননি। তারপর আর শাহবাজ সুযোগ পাচ্ছেন না। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে অবশ্য দাগ কাটছেন মাঝেমধ্যে।
মহম্মদ শামিকে ১০ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে গুজরাত টাইটান্সে যে দারুণ ছন্দে পারফর্ম করতেন তার লেশমাত্র এখনও অবধি দেখা যায়নি শামির পারফরম্যান্সে। এখনও পর্যন্ত ৬টি ম্যাচে শামি মাত্র ৫ উইকেট পেয়েছেন। গড় ৪৬.৬০, ইকনমি ১১.০৯।
মুকেশ কুমারকে দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করে আইপিএল নিলাম থেকে কিনেছে ৮ কোটি টাকায়। মুকেশ আজ দিল্লির হয়ে ষষ্ঠ ম্যাচ খেলছেন। এর আগে অবধি তিনি চারটি উইকেট পেয়েছেন। শুধু সানরাইজার্স ম্যাচে উইকেট পাননি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২, চেন্নাই সুপার কিংস ম্যাচে ৩৬, আরসিবির বিরুদ্ধে ২৬ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৩৮ রান খরচ করে পেয়েছেন ১টি করে উইকেট। এই প্রতিবেদন লেখা অবধি মুকেশ ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২ ওভারে ২৪ রান দিয়েছেন, উইকেট পাননি।












Click it and Unblock the Notifications